ঝুঁকিপূর্ণ বিদ্যালয়যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার ওপর দিয়ে চলে গেছে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক। এই মহাসড়কসংলগ্ন তিন উপজেলার অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সড়ক (রাস্তা) পারাপারে নেই কোনো জেব্রা ক্রসিং বা গতিরোধক। ফলে কয়েক হাজার শিক্ষার্থীকে বিদ্যালয় বা কলেজে যাওয়া-আসার পথে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে। আর রাস্তা পারাপারে নিরাপদ ব্যবস্থা না থাকায় অভিভাবক ও শিক্ষকদের উদ্বিগ্ন থাকতে হচ্ছে।
এলাকার অনেকে ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিরামপুর থেকে ঘোড়াঘাট পর্যন্ত ৫০ কিলোমিটার মহাসড়কের পাশে গড়ে উঠেছে সরকারি-বেসরকারি অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। ব্যস্ততম ওই মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত ভারী যানবাহন ছাড়াও নছিমন, করিমন, ভটভটি, টেম্পোসহ বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন চলাচল করে। কিন্তু এসব এলাকায় কোনো ট্রাফিকের ব্যবস্থা না থাকায় সব যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সংশ্লিষ্ট থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় এই তিন উপজেলার চারজন শিক্ষার্থী নিহত হয়েছে। নবাবগঞ্জের ভাদুরিয়ার মকবুল হোসেন, ঘোড়াঘাটের নাসরিন আক্তার, বিরামপুর চাঁদপুরের জান্নাতুন ফেরদৌস জানান, রাস্তা পারাপারে নিরাপদ ব্যবস্থা না থাকায় সন্তানদের নিয়ে শুধু নয়, নিজেদের রাস্তা পারাপারে সব সময় আতঙ্কে থাকতে হয়। তাঁরা অচিরেই ওই মহাসড়কসংলগ্ন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং বা গতিরোধক করার দাবি জানিয়েছেন।
বিরামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন জানান, তাঁর কলেজে প্রায় তিন হাজার শিক্ষার্থী লেখাপড়া করেন। নিরাপদে রাস্তা পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় অধ্যক্ষ হিসেবে তাঁকেও প্রতিনিয়ত দুশ্চিন্তায় থাকতে হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য তাঁদের কার্যালয়ের কোনো কর্মসূচি নেই। তবে রাস্তার পাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের নিজ দায়িত্বে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা করা উচিত।