ঝুঁকিপূর্ণ বিলবোর্ড সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের সড়ক বিভাজনের ওপর বিলবোর্ড বসানোর কার্যাদেশ বাতিল করা হয়েছে। অভিযোগ উঠেছে, শর্ত ভঙ্গ করে তড়িঘড়ি ঝুঁকিপূর্ণভাবে বিলবোর্ডগুলো বসানো হচ্ছিল। পাঁচটি বিজ্ঞাপনী সংস্থাকে বিলবোর্ড সরিয়ে নিতে গত বৃহস্পতিবার চিঠি দেওয়া হয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, করপোরেশনের রাজস্ব আয় বাড়ানোর জন্য গত বছরের ২ সেপ্টেম্বর অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভায় ৩০টি বিলবোর্ড বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পরিষদে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় পাঁচটি বিজ্ঞাপনী সংস্থার কাছ থেকে প্রায় ১৬ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়। সম্প্রতি ২০-২৫টি বিলবোর্ড বসানো হয়ে গেছে। বিশাল আকারের বিলবোর্ডগুলো দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী বলেন, এগুলো বসানোর জন্য প্রকৌশল বিভাগ থেকে নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হয়েছিল। সেই কমিটির তত্ত্বাবধানে এগুলো বসানোর কথা ছিল। কিন্তু বিজ্ঞাপনী সংস্থাগুলো ইচ্ছামতো বসাতে শুরু করেছিল। এখন যেভাবে এগুলো বসানো হয়েছে তা ঝুঁকিপূর্ণ। এ জন্য সিটি করপোরেশনের সাধারণ সভায় এর কার্যাদেশ বাতিল করা হয়েছে।
তবে সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিজাম উল আযীম বলেন, মেয়র মোসাদ্দেক হোসেনের সময় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তখন করপোরেশনের অবস্থা খারাপ ছিল। তিনি কর্মচারীদের বেতন দিতে পারছিলেন না। এ জন্য বাছবিচার না করেই তাঁদের অনুমতি দিয়েছিলেন। আর দিলেও তার মেয়াদ ছিল গত ৩০ জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে বিজ্ঞাপনী সংস্থাগুলো তাদের বিলবোর্ড বসাতে ব্যর্থ হয়েছে। এখন মেয়াদ শেষে তড়িঘড়ি করে তারা রাতের অন্ধকারে এগুলো বসাতে শুরু করে। তাই তাদের কার্যাদেশ বাতিল করা হয়েছে। এখন তারা নিজ দায়িত্বে বিলবোর্ডগুলো সরিয়ে না নিলে সিটি করপোরেশন তা সরিয়ে ফেলবে।