ঝুঁকিপূর্ণ বেইলি সেতু দিয়ে চলছে ভারী যানবাহন

খাগড়াছড়ির পানছড়ি থেকে দুদুকছড়া পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ সড়কে আশির দশকে নির্মিত সাতটি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ উঠেছে। বারবার মেরামত করে কোনো রকমে সেতুগুলো চালু রাখা হয়েছে। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও সেতুগুলোর ওপর দিয়ে চলছে ভারী যানবাহন।
১২ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, ওই সড়কে অবস্থিত লোগাং বিদ্যালয়ের কাছে অবস্থিত বেইলি সেতুর মাটি সরে গেছে। একই দশা পুজগাং সেতুরও।
এই সেতুর খুঁটি ভেঙে মাটি সরে গেছে। এ ছাড়া বাকি সেতুগুলোর লোহার পাটাতনে মরিচা ধরেছে, পাটাতনও ভেঙে গেছে। গাড়ি উঠলেই সেতুগুলো কাঁপে। এই অবস্থায় সেতুগুলোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে ভারী যানবাহন চলাচল করছে।
ওই এলাকার অটোরিকশাচালক মো. কিবরিয়া ও পিকআপচালক অংগ্যজাই মারমা বলেন, বেইলি সেতুগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ভয়ে ভয়ে গাড়ি চালান তাঁরা। গাড়ি উঠলেই সেতুগুলো দুলতে থাকে।
লোগাং ইউনিয়নের চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা বলেন, ‘পানছড়– দুদুকছড়া সড়কে সব বেইলি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বেইলি সেতুগুলো সংস্কার করার জন্য কয়েকবার উপজেলা সমন্বয় বৈঠকে উত্থাপন করেছি। কিন্তু কোনো সাড়া পাইনি।’
পানছড়ি জিপ গাড়ি মালিক সমিতির সভাপতি সুভাস কীর্তি চাকমা বলেন, ‘সেতু ভেঙে গেলে সবাই যানবাহনের দিকে আঙুল তোলেন। চালককে দোষারোপ করেন। কিন্তু এ জন্য চালকেরা দায়ী নয়। বেইলি সেতুগুলো কোনো রকমে টিকে আছে। একটি ভেঙে পড়লে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। সেতুগুলো ঠিক করার জন্য আমরা আবেদন করেছি।’
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সবুজ চাকমা বলেন, খাগড়াছড়ি জেলার সব কটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর সংস্কারকাজ শুরু হয়েছে। জেলার বিভিন্ন সড়কে পাকা সেতু তৈরি হবে। পানছড়ি-দুদুকছড়া সড়কের ঝুঁকিপূর্ণ সাতটি বেইলি সেতুও পর্যায়ক্রমে সংস্কার করা হবে।