ঝুঁকিপূর্ণ ভবন, এক কক্ষে দুই শ্রেণীর পাঠদান
বরিশালের গৌরনদী পৌরসভার দিয়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কক্ষসংকটের কারণে একটি কক্ষে দুই শ্রেণীর পাঠদান চলছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই কারণে ৪৩ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ একটি ভবনে পাঠদান করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামান জানান, ১৯২০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে ১৯৬৮ সালে নির্মিত একটি ভবন অনেক আগেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এর বিভিন্ন অংশে ফাটল ধরেছে, পলেস্তারা খসে পড়ছে। এলজিইডির উপজেলা প্রকৌশল বিভাগ ২০১০ সালে ভবনটি অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেখানে পাঠদান না করার নির্দেশ দিয়েছে। দুই বছর আগে ওই ভবনের পাশে দুই কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। কক্ষসংকটের কারণে ঝুঁকি নিয়ে পুরোনো ভবনে শিক্ষার্থীদের পাঠদান চলছে।সরেজমিনে গত বৃহস্পতিবার দেখা গেছে, জরাজীর্ণ ওই পুরোনো ভবনের একই কক্ষে শিশু ও প্রথম শ্রেণীর ক্লাস চলছে। এখানে পাঠদান করছেন দুজন শিক্ষিকা। এ সময় শিশুদের হইচইয়ে কিছু বোঝা যাচ্ছিল না। ওই কক্ষের পাশের একটি কক্ষে প্রধান শিক্ষিকা নিহার পারভীন পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের কোচিং করাচ্ছেন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা জানায়, পাশের কক্ষে দুই শ্রেণীর শিক্ষার্থীদের কোলাহলে তারা ক্লাসে কিছুই বুঝতে পারে না।প্রধান শিক্ষিকা জানান, স্কুলের শিক্ষার্থী ৩২২ জন। সাতটি শ্রেণীকক্ষ প্রয়োজন। বর্তমানে নতুন ভবনের দুটি ও ঝুঁকিপূর্ণ ভবনের তিনটি কক্ষে পাঠদান করা হয়। এ কারণে একই কক্ষে দুটি শ্রেণীর পাঠদান করতে হয়। তাই শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব সমস্যা সমাধানে উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করা হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলেও কোনো অগ্রগতি নেই।