ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কার্যক্রম তিন মাস ধরে বন্ধ আছে। কবে নাগাদ এ কার্যক্রম শুরু হবে, তা নিশ্চিত করে বলতে পারছে না চট্টগ্রাম সিটি করপোরেশন। এসব ভবনে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস ও ব্যবসা করছেন প্রায় এক হাজার লোক।
সিটি করপোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি, মামলা নিয়ে জটিলতা ও প্রয়োজনীয় লোকবলের অভাবে পুরোদমে এ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। জানমাল রক্ষায় এসব ভবন অপসারণে কঠোর আইন প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) দুই দফায় নগরের ৬৪টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ইমারত নিয়ন্ত্রণ উপধারা ১৭.১ অনুসারে এসব ভবন উচ্ছেদের দায়িত্ব সিটি করপোরেশনের। চউক ২০০৭ সালে এ তালিকা সিটি করপোরেশনকে হস্তান্তর করে।
করপোরেশন সূত্র জানায়, সাভারের রানা প্লাজাধসের পর চট্টগ্রাম নগরের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে তোড়জোড় শুরু করে করপোরেশন। যদিও আট মাসে অপসারণ করা হয়েছে মাত্র তিনটি ভবন। ৩০ সেপ্টেম্বরের পর ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে আর কোনো অভিযান চালায়নি করপোরেশন। এ ছাড়া এ সময়ের মধ্যে মালিকপক্ষ নিজ উদ্যোগে চারটি ভবন অপসারণ করে।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে জানান, পাঁচটি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের জন্য প্রতিবেদন তৈরি করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ভবন অপসারণ করা হবে। ভবন অপসারণে দীর্ঘসূত্রতার জন্য মালিকপক্ষকে দায়ী করে তিনি জানান, বারবার নোটিশ দেওয়া হলেও অর্থনৈতিক মুনাফার আশায় এসব ভবন অপসারণে আগ্রহী হচ্ছে না মালিকপক্ষ। অপসারণ করতে গেলে অনেক সময় তাঁরা আদালতে মামলা করেন। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও দ্রুত সময়ের মধ্যে ভবন অপসারণ করা যাচ্ছে না।
জানা গেছে, নগরের সদরঘাট এলাকায় বড়ুয়া ভবন ও চন্দনপুরার পেশকার ভবন অপসারণ করার প্রক্রিয়া শুরু হলেও পরে আদালতের নিষেধাজ্ঞার কারণে তা বন্ধ হয়ে যায়। গত সেপ্টেম্বরে করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত আটটি ভবন অপসারণ করার জন্য মালিকপক্ষকে নোটিশ দিয়েছিলেন।
ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় আবাসিক ভবন রয়েছে ৩৫টি, আবাসিক কাম বাণিজ্যিক ভবন ১২টি, বাণিজ্যিক ভবন ১০টি। এসব ভবনের অধিকাংশই ৯০ বছরের পুরোনো।
সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কমিটির সদস্য সচিব আহমদুল হক জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য পুলিশ প্রয়োজন। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন পুলিশ পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার অভিযান পরিচালনা করা হবে।