ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে ভিন্ন কৌশল খুলনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতরের পর খুলনার ২৬টি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে ভিন্ন কৌশল নেবে সিটি করপোরেশন। ভবনগুলো সরকারি হওয়ায় এগুলো না ভেঙে হোল্ডিং নম্বর বাতিল করা হবে। বিচ্ছিন্ন করে দেওয়া হবে পানি ও বিদ্যুতের সংযোগ। ছিদ্র করা হবে ছাদ। কেউ যাতে বসবাস করতে না পারে, সে জন্য দরজা-জানালাও খুলে নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার এক নাগরিক সংলাপে খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস এসব কথা বলেন। তিনি এও বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে ও আরও বাসযোগ্য করতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার উদ্যোগে নগরের অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সংলাপের আয়োজন করা হয়। ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক নগর কর্তৃপক্ষ, টেকসই উন্নয়নের অন্যতম শর্ত’ শীর্ষক এই সংলাপে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের প্রশ্নের জবাব দেন ভারপ্রাপ্ত মেয়র।
ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ বিষয়ে আনিসুর রহমান বিশ্বাস বলেন, নিয়ম অনুযায়ী সিটি করপোরেশন ঝুঁকিপূর্ণ ভবন ভাঙলে এর খরচ মালিককে পরিশোধ করতে হয়। কিন্তু ভবনগুলো সরকারি হওয়ায় খরচের টাকা পাওয়া সময়সাপেক্ষ ব্যাপার। তাই করপোরেশন ভবনগুলো ভাঙবে না। এ ব্যাপারে সবার নৈতিক সমর্থন চান তিনি।
সনাক খুলনার সভাপতি শেখ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে ও সনাকের সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য দেন সনাকের স্থানীয় সরকারবিষয়ক উপকমিটির আহ্বায়ক এ কে হিরু। সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সংলাপে উপস্থিত ছিলেন।