খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, রাজধানীতে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবনগুলো ঝুঁকিমুক্ত করার প্রযুক্তি সরকারি বিভাগগুলোর কাছে নেই। গতকাল সোমবার ভূমিকম্পের ঝুঁকিহ্রাস ও সচেতনতাবিষয়ক জাতীয় কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, রাজধানীর মোট তিন লাখ ২৬ হাজার ভবনের মধ্যে ৭৬ হাজার ভবন ভূমিকম্পের ঝুঁকিতে আছে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত হলেও এগুলো ঝুঁকিমুক্ত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন—জানতে চাইলে তিনি বলেন, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোনো প্রতিষ্ঠানেরই এ ভবনগুলো ঝুঁকিমুক্ত করার প্রযুক্তি জানা নেই। আপাতত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় ও সচিবালয়ের কয়েকটি ভবনকে ঝুঁকিমুক্ত করতে বিদেশি বিশেষজ্ঞ আনা হচ্ছে।আবদুর রাজ্জাক বলেন, কোন ভবনগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো সুনির্দিষ্টভাবে এখনো চিহ্নিত হয়নি। এগুলো চিহ্নিত করার কাজ চলছে।সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির ভূমিকম্প বিশেষজ্ঞ মাকসুদ কামাল বলেন, রাজধানীর ৭৬ হাজার ভবন ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ বলা হলেও তা আসলে একটি চলমান গবেষণা থেকে পাওয়া তথ্য। রাজধানীকে বিভিন্ন গুচ্ছে ভাগ করে ধারণার ভিত্তিতে বলা হচ্ছে, এই ৫০টি ভবনের মধ্যে ১০ বা ১৫টি ঝুঁকিপূর্ণ। কিন্তু সুনির্দিষ্টভাবে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে হলে প্রতিটি ভবন পাঁচ দিন ধরে পরীক্ষা করতে হবে।খাদ্যমন্ত্রী বলেন, ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজ চালানোর জন্য ইতিমধ্যে ৭৮ কোটি টাকার যন্ত্রপাতি কিনে সামরিক বাহিনীকে দেওয়া হয়েছে। ছয় হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজধানীর নতুন ভবনগুলো ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে নির্মিত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য গণমাধ্যমকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, রাজধানীর বাইরে জেলা ও উপজেলা সদরগুলোতে ভবন নির্মাণের ক্ষেত্রে ইমারত নির্মাণ বিধিমালার প্রয়োগ নিশ্চিত করতে স্থানীয় তদারক কমিটি তৈরি করা হবে।মন্ত্রী ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে জানান, ভূমিকম্পে রাজধানীর সূত্রাপুরে একটি ভবন হেলে পড়েছে। ভবনটির আশপাশের ভবনগুলো থেকে ৫০টি পরিবারকে স্থানান্তর করা হয়। তবে জানমালের ক্ষতি হয়নি। এ ছাড়া বগুড়ার শেরপুর রোডে তৌহিদ প্লাজা নামের একটি সাততলা ভবন হেলে পড়ে। তিনি বলেন, পঞ্চগড় সদরের একটি ভবনে এবং শহরের বাইরে যুব উন্নয়ন প্রশিক্ষণের একটি হোস্টেলে সামান্য ফাটল দেখা দেয়। নাটোরের সিংড়ায় ৮-১০টি কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি মসজিদে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া ঠাকুরগাঁও সদর থানার দেয়ালে সামান্য ফাটল দেখা দেয়।