কক্সবাজারের মহেশখালী উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের কার্যক্রম অন্যত্র স্থানান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে ডাকবাংলোর নিচে অস্থায়ীভাবে আদালতের কার্যক্রম শুরু হয়। এর আগে গণপূর্ত বিভাগ আদালত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কার্যক্রম সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
গণপূর্ত বিভাগের কক্সবাজার কার্যালয় সূত্রে জানায়, আদালত ভবনটি ১৯৮৪ সালে স্থাপিত হওয়ার পর ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন অংশে ফাটল ধরে। ১৯৯৯ সালের ২২ জুলাই ভূমিকম্পে ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল সৃষ্টি হয়। কয়েকবার সংস্কার করলেও কোনো কাজ হয়নি। গণপূর্ত বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী ২০১৩ সালের এপ্রিলে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে জেলা জজকে একটি চিঠি দেন। গত বছরের ৪ জুন আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিয়াজী শহিদুল আলম চৌধুরী ঝুঁকিপূর্ণ ভবন থেকে আদালতের কার্যক্রম পাশের ডাকবাংলোতে স্থানান্তর করার জন্য কক্সবাজার জেলা জজকে একটি চিঠি দেন।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আবু তাহের বলেন, ঝুঁকিপূর্ণ ভবন থেকে আদালতের কার্যক্রম সরিয়ে পাশের ডাকবাংলোতে নেওয়া হয়েছে। ফলে নতুন ভবন নির্মিত না হওয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে ডাকবাংলোতে আদালতের কার্যক্রম পরিচালিত হবে।
জানতে চাইলে গণপূর্ত বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী তসলিম উদ্দিন বলেন, ইতিমধ্যে নতুন করে আদালত ভবন নির্মাণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।