
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মুকুল নিকেতন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি দুই বছর ধরে ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। তাই দুই বছর ধরে পুকুরপাড়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুই বছরে একাধিকবার সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানিয়ে নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে। তবে তাতে সাড়া পাওয়া যায়নি। রোদ-বৃষ্টি উপেক্ষা করে পুকুরপাড়ে পাঠদান চালিয়ে গেলেও শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে আসছে।
কয়েকজন শিক্ষক বলেন, পুকুরপাড়ে কখনো তীব্র রোদে পুড়তে হয়, আবার কখনো বৃষ্টিতে ভিজতে হয়। এ কারণে দিনে দিনে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। এভাবে খোলা আকাশের নিচে পাঠদান করা অনেক কঠিন।
বিদ্যালয় ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৯৮৮ সালে পৌর শহরের কৃষ্ণপুর এলাকায় প্রতিষ্ঠিত হয় মুকুল নিকেতন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৯৪-৯৫ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বিদ্যালয়টিতে চার কক্ষের নতুন ভবন নির্মিত হয়। বর্তমানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে মোট ১২০ জন শিক্ষার্থী রয়েছে।
কয়েকজন শিক্ষক ও স্থানীয় ব্যক্তি বলেন, ২০১৫ সালে প্রথম দিকে এলজিইডির নির্মিত ওই ভবনের ছাদে প্রথম ফাটল দেখা দেয়। এরপর থেকে ভবনের দেয়ালের পলেস্তারা খসে পড়তে শুরু করে। বৃষ্টি হলেই ছাদের ফাটল চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। এতে ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। ২০১৫ সালের মাঝামাঝি এলজিইডির পক্ষ থেকে বিদ্যালয় ভবনটি পরিদর্শন করে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে শিক্ষার্থীদের স্কুলের মাঠে পুকুরপাড়ে পাঠদান শুরু হয়। পুকুরপাড়ে ত্রিপল ও পাটি বিছিয়ে চলে পাঠদান।
কয়েকজন শিক্ষার্থী বলে, বিদ্যালয়ে গিয়ে রোদে পুড়তে আর বৃষ্টিতে ভিজতে হয়। এভাবে ক্লাস করতে তাদের খুব কষ্ট হচ্ছে।
প্রধান শিক্ষক শুক্লা রানী সরকার বলেন, এ বিষয়ে কয়েকবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর চিঠি পাঠানো হয়েছে। এতে কোনো কাজ হচ্ছে না। বিদ্যালয়টির বেশির ভাগ শিক্ষার্থী গরিব পরিবারের ঝরে পড়া শিশু। খোলা আকাশের নিচে পাঠদান করে শিশুদের ধরে রাখা খুব কঠিন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়টির বিষয়ে আমরা ইতিমধ্যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বরাদ্দ পাওয়া গেলে নতুন ভবন হবে। সমস্যা সমাধানে আপাতত টিনের একটি ঘর তৈরি করার পরিকল্পনা আছে।’