ঝুঁকিপূর্ণ ভবন, দুর্ঘটনা ঘটলে টনক নড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​সিলেট নগরের শেখঘাট এলাকার এই ভবনের দেয়ালধসে একজন শ্রমিক মারা যান। এই দুর্ঘটনার পর সিটি করপোরেশন ভবনটি ভাঙা শুরু করে শনিবার l প্রথম আলো
​সিলেট নগরের শেখঘাট এলাকার এই ভবনের দেয়ালধসে একজন শ্রমিক মারা যান। এই দুর্ঘটনার পর সিটি করপোরেশন ভবনটি ভাঙা শুরু করে শনিবার l প্রথম আলো

সিলেট নগরের শেখঘাট এলাকার ঝুঁকিপূর্ণ একটি ভবনের দেয়াল ধসে একজন শ্রমিকের মৃত্যুর পর টনক নড়েছে সংশ্লিষ্টদের। ‘রহমান ভিলা’ নামের তিনতলাবিশিষ্ট ওই ভবনে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড সাঁটিয়ে ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল দলকে নিয়ে গত শুক্রবার বিকেলে পরিদর্শন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। তাঁর নির্দেশে শনিবার থেকে ভবন ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। 

স্থানীয় লোকজন বলছেন, ঝুঁকিপূর্ণ এ ভবনটির দিকে সাত দিন আগে সিটি করপোরেশনের নজর পড়লে রক্ষা পেত একজন শ্রমজীবীর প্রাণ। সিটি করপোরেশন থেকে জানা গেছে, এ ঘটনার পরপরই মেয়র পরিদর্শনে গিয়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রকৌশল দলের মাধ্যমে পর্যবেক্ষণ করান। পরে ১১ সেপ্টেম্বর ভবনের গায়ে ‘ঝুঁকিপূর্ণ’ লিখে সাইনবোর্ড টাঙান। শনিবার সকাল থেকে ভবন ভাঙার কার্যক্রম শুরু হয়।

সিটি করপোরেশনের প্রকৌশল শাখার পর্যবেক্ষণ থেকে জানা গেছে, ভবনটি কবে নির্মাণ করা হয়েছিল, মালিক নিজেও তা জানাতে পারেননি। দুর্বল অবকাঠামোয় নির্মাণ হওয়ায় দেয়াল ধসে পড়ে। এতে পুরো ভবনটি আরও নড়বড়ে হয়ে পড়ে। এ অবস্থায় ভবনের বাসিন্দা ছাড়াও আশপাশ এলাকার বসতবাড়িগুলোও ঝুঁকির মধ্যে রয়েছে। ভবন ভেঙে ফেলা ছাড়া এ ঝুঁকি কাটানোর কোনো বিকল্প নেই।

রহমান ভিলায় ৩০ জন লোক মেস করে বসবাস করতেন। ঝুঁকির কথা ভবনমালিক শফিকুর রহমানও স্বীকার করেন। তবে একজন শ্রমিকের মৃত্যুর ঘটনার পরই তিনি ভবনটি খালি করে রেখেছিলেন বলে জানান।

অঘটন ঘটলে পরে সিটি করপোরেশনের নয়—ভবনমালিকপক্ষের টনক নড়ে জানিয়ে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, সিলেট নগরে কমপক্ষে শতাধিক ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এগুলোকে সিটি করপোরেশনের পক্ষ থেকে একাধিকবার চিঠি দিয়ে ভাঙা বা ঝুঁকি কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এরপরও কাজ হচ্ছে না। রহমান ভিলার নিচ থেকে তৃতীয়তলা পর্যন্ত ফাটল রয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি জরিপ দল সিলেট নগরের ঝুঁকিপূর্ণ ভবনের যে তালিকা করেছে, তাতে এই ভবনটিকে অধিক ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে। এর পরও কোনো ব্যবস্থা নেয়নি। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি জরিপে নগরে শতাধিক ঝুঁকিপূর্ণ ভবনের একটি তালিকা তৈরি করা হয়। জরিপে নগরের ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৩৪টি ভবনের ঝুঁকি ‘ভয়ংকর’ চিহ্নিত করা হয়েছে এবং এগুলোর ব্যাপারে সিটি করপোরেশনকে ‘ত্বরিত’ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রধান প্রকৌশলী জানান, মাস দেড়েক আগে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে নগরের বিদ্যমান মেয়াদোত্তীর্ণ, অনুমোদনবিহীন ও দুর্বল কাঠামোর ভবনের একটি তালিকা তাঁরা পেয়েছেন। এর মধ্যে ৩৪টি ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে কাজ শুরু করেছে সিটি করপোরেশন।

সিলেট নগর ভূমিকম্পের ‘ডেঞ্জার জোনে’ রয়েছে বলেও ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে উদ্বেগ মানুষের আরও বেশি। সম্প্রতি সিলেটে আয়োজিত এক সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নগর পরিকল্পনাবিদ জামিলুর রেজা চৌধুরী জানিয়েছেন, সিলেট ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল। ১৮৯৭ সালের ভূমিকম্পের কথা স্মরণ করে তিনি বলেন, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ৭। এতে সিলেটের ভয়াবহ ক্ষতি সাধিত হয়েছিল।

জামিলুর রেজা চৌধুরী নগর পরিকল্পনায় ‘সিসমিক জোন’ বিষয়টি অন্তর্ভুক্ত করার তাগিদ দেন। পাশাপাশি কঠোরভাবে বিল্ডিং কোড মেনে চলা ও ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে ‘আসাম বাংলা টাইপ’ বাড়ি বানানোর পরামর্শ দেন।