খুলনা নগরের ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ এবং ঈদ জামাতের স্থান নির্ধারণ-সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। গতকাল শনিবার বিকেলে সার্কিট হাউস সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনার আবদুস সামাদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ২০১০ সালের জরিপে খুলনা নগরের সরকারি-বেসরকারি মিলে মোট ৪৮টি ভবন ঝুঁকিপূর্ণ ও বসবাসের অনুপযোগী হিসেবে চিহ্নিত করা হয়। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহযোগিতায় অনতিবিলম্বে ভবনগুলোর ছাদ ভাঙা ও সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া নতুন কমিটি করে নগরে আরও ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপারে আলোচনা করা হয়। ৯ জুলাই প্রথম আলোতে ‘খুলনার ঝুঁকিপূর্ণ ৫৩ ভবন: তালিকা করেই দায় সারা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।