ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ আদর্শ উচ্চবিদ্যালয়ের পুরোনো, জরাজীর্ণ একটি দোতলা ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়েছে। ফলে বিদ্যালয়টির পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাঠদান অনিশ্চিত হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউছার হোসেন বলেন, ‘ঝুঁকিপূর্ণ হওয়ায় দোতলা ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে কথা বলে অস্থায়ীভাবে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হবে।’
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৮৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। দোতলা এই ভবনে সাতটি শ্রেণীকক্ষ, একটি পরীক্ষাগার ও একটি ক্রীড়াকক্ষ ছিল। বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ৮৮৯ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে পুরোনো ওই ভবনে পাঠদান করা হতো। প্রধান শিক্ষক মো. আবদুল মোমেন চলতি বছরের ৫ মে ভবনটি ঝুঁকিপূর্ণ আশঙ্কা প্রকাশ করে ইউএনওর কাছে চিঠি দেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ৮ মে উপজেলা সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বিদ্যালয় পরিদর্শন করেন এবং ভবনের দোতলা ঝুঁকিপূর্ণ বলে মত দেন। পরে গত বৃহস্পতিবার ইউএনও ভবনটি সিলগালা করে দেন।
হুমায়ুন কবির বলেন, ভবনের বিম, কলাম ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। তাই ভবনের দোতলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দোতলাটি ব্যবহারের পুরোপুরি অযোগ্য। এ কারণে নিচতলাও ব্যবহার করা যাবে না।
মো. আবদুল মোমেন বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ভবনটিতে ফাটল দেখা যায়। এটি বন্ধ করে দেওয়ায় আপাতত পাঠদানে সমস্যা হবে। বর্তমানে একতলা একটি ভবনের তিনটি শ্রেণীকক্ষ রয়েছে। আরেকটি ভবনের সম্প্রসারণের কাজ চলছে। এই ভবনের দোতলা ও তিনতলার কাজ সম্পন্ন হলে সমস্যার কিছুটা সমাধান হবে। ভবন সম্প্রসারণের কাজ আপাতত বন্ধ থাকায় বিকল্পভাবে টিনের ছাউনি তুলে পাঠদানের চিন্তাভাবনা করা হচ্ছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন জানান, ভবনটি সিলগালা করায় পাঠদান সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে অপর একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা বর্ধিতকরণের কাজ অর্থাভাবে তিন মাস আগে বন্ধ হয়ে গেছে। ঠিকাদার গিয়াস উদ্দিন বলেন, ভবনের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। শিক্ষা প্রকৌশল বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার প্রকৌশলী আহসান উল্লাহ জানান, ৫২ লাখ টাকা ব্যয়ে ভবনের বর্ধিতকরণের কাজ গত বছরের জুলাইতে শুরু হয়। ইতিমধ্যে ৮০ শতাংশ কাজ শেষ হলেও ঠিকাদার বিল না পাওয়ায় তিন মাস ধরে কাজ বন্ধ রয়েছে।