ঝুঁকিপূর্ণ ভবনটিতে ক্লাস বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রডের পরিবর্তে বাঁশ দিয়ে তৈরি পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের বিন্যাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনটিতে শিশুদের ক্লাস না নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীসহ প্রশাসনিক কর্মকর্তারা বিদ্যালয়টি পরিদর্শন করে গত বৃহস্পতিবার এ নির্দেশ দেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস আক্তার বলেন, পরিদর্শন শেষে তাৎক্ষণিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষকে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস না করানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে অস্থায়ীভাবে নতুন শ্রেণিকক্ষ তৈরি করতে বলা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৯৯৪ ও ১৯৯৫ সালে দুই দফায় বিদ্যালয়টিতে পাঁচ কক্ষের একটি ভবন নির্মাণ করা হয়। বর্তমানে ভবনটির দেয়ালগুলোতে তৈরি হয়েছে বড় বড় ফাটল। দুটি কক্ষের দরজার ওপর ভাগের ঢালাই ভেঙে বেরিয়ে এসেছে বাঁশের লাঠি।
এ বিষয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘রডের পরিবর্তে বাঁশ দিয়ে ভবন: ঝুঁকি নিয়ে চলছে বিদ্যালয়ের ক্লাস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।