ঝুঁকিপূর্ণ ভবনে আদালতের কার্যক্রম
দুই বছরেও ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরানো হয়নি কক্সবাজারের মহেশখালী উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের কার্যক্রম। ভবনটি দুই বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কক্সবাজার জেলা ও দায়রা জজ এবং সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চিঠি দেয় গণপূর্ত বিভাগ।
গত ফেব্রুয়ারি মাসে ওই ভবন থেকে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কার্যক্রম অন্যত্র সরিয়ে নিলেও আদালতের কার্যক্রম এখনো স্থানান্তর করা হয়নি। যেকোনো মুহূর্তে ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
গণপূর্ত বিভাগের কক্সবাজার কার্যালয় সূত্র জানায়, ১৯৮৪ সালে ভবনটি নির্মাণ করা হয়। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। ১৯৯৯ সালের ২২ জুলাই ভূমিকম্পে ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল সৃষ্টি হয়। এরপর কয়েকবার ভবনটি সংস্কার করা হয়েছে। কিন্তু সামান্য বৃষ্টি হলে ওই ভবনের ছাদ চুয়ে বিভিন্ন কক্ষে পানি ঢুকে বিভিন্ন কাগজপত্র নষ্ট হচ্ছে। গণপূর্ত বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী ২০১৩ সালের এপ্রিলে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কক্সবাজার জেলা ও দায়রা জজকে চিঠি দেন। পরে বিষয়টি আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় জানানো হয়। গত বছরের ৪ জুন আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিয়াজী শহিদুল আলম চৌধুরী ঝুঁকিপূর্ণ ভবন থেকে আদালতের কার্যক্রম পাশের ডাকবাংলোয় স্থানান্তরের জন্য কক্সবাজারের জেলা ও দায়রা জজকে চিঠি দেন।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, আদালত ভবনের বিভিন্ন কক্ষে ফাটল ধরেছে। খুঁটির অবস্থাও একই রকম। বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা ঝরে পড়ছে। বৃষ্টির পানি থেকে রক্ষার জন্য সাব-রেজিস্ট্রার কার্যালয়ের বিভিন্ন দলিলপত্র পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রায়হান উদ্দিন বলেন, ডাকবাংলোতে আদালতের কার্যক্রম চালানোর জন্য এখনো পর্যন্ত অবকাঠামো তৈরি করা হয়নি। এ কারণে পরিত্যক্ত ভবন থেকে ডাকবাংলোতে আদালতের কার্যক্রম সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে ঝুঁকি নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা ওই পরিত্যক্ত ভবনে কার্যক্রম চালাচ্ছেন।
আদালতের জারিকারক লিটন দে জানান, সম্প্রতি দেশে কয়েক দফা ভূমিকম্প হওয়ার পর থেকে কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কের মধ্যে আছেন। তিনি বলেন, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পরিত্যক্ত ভবন থেকে আদালতের কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়া জরুরি।
গণপূর্ত বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী তসলিম উদ্দিন বলেন, নতুন করে আদালত ভবন নির্মাণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।