ঝুঁকিপূর্ণ ভবনে এখনো বসবাস
গোপালগঞ্জ শহরের ভেঙে পড়া দ্বিতল বাণিজ্যিক ভবন সোলায়মান ম্যানশনে লোকজন এখনো বসবাস করছে। সেখানে চলছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম। পুলিশ ব্যবসায়ীদের ভবনটি ছেড়ে দিতে বললেও তাতে তাঁরা কর্ণপাত করেননি।জানা গেছে, মালিক ভবনটি ছেড়ে দিলেও ছাড়ছেন না ব্যবসায়ী-ভাড়াটেরা। অতিলোভী কতিপয় দোকানের মালিকের কারণে দোকানগুলো বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ দোকানের কর্মচারীদের। এতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন তাঁরা।শহরের সর্বাধিক পুরোনো দ্বিতল বাণিজ্যিক ভবন সোলায়মান ম্যানশনের মালিক কর্তৃপক্ষ আবু আল বাসার ওয়াকফ এস্টেট ভবনটিকে কয়েক বছর আগে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে। এ সময় তাদের কথায় কর্ণপাত না করে বর্তমান মালিক ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাট শাখার উপপরিচালক আনিসুজ্জামান ফিরোজ নানা অজুহাতে কালক্ষেপণ করে আসছেন। বর্তমানে ওই ভবনে একটি আবাসিক হোটেলসহ ১৯টি প্রতিষ্ঠান ব্যবসা করে আসছে। ১৩ সেপ্টেম্বর বিকেলে এই ভবনের একাংশের দ্বিতীয় ও নিচতলার ছাদ হঠাৎ ভেঙে পড়ে। এতে দোকানের মালিক, কর্মচারী, পথচারীসহ পাঁচজন গুরুতর আহত হন। এদিনই আনিসুজ্জামান ফিরোজ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র চলে যান।আনিসুজ্জামান ফিরোজ জানান, বারবার নিষেধের পরও দোকানের মালিকেরা ভবন ছাড়ছেন না। তাঁরা ব্যবসার লাভ-লোকসান নিয়ে ভাবছেন। এদিকে কর্মচারীরা এই ভবনে কাজ করতে না চাইলে তাঁদের চাকরি খোয়ানোর ভয় দেখিয়ে কাজ করতে বাধ্য করা হচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মচারী জানিয়েছেন। তবে ভবনের একটি সূত্র জানিয়েছে, ভবনে অবস্থান নেওয়া নাজমা সুজের মালিক ও জুতা প্রস্তুতকারী সমিতির সভাপতি বাচ্চু কাজী অন্য দোকানিদের দোকান বন্ধ করতে দিচ্ছেন না।তবে পৌরসভা থেকে বাড়ির মালিককে চিঠি দেওয়া হয়েছে ভবন থেকে ভাড়াটে নামিয়ে দিয়ে এটি ভাঙার জন্য। আগামী দু-একদিনের মধ্যে ভবনটি নিলাম বিক্রি করা হবে। বাচ্চু কাজী তাঁর বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান।গোপালগঞ্জ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি বোরহান উদ্দিন জানান, ঝুঁকিপূর্ণ ভবন থেকে লোকজন সরিয়ে দিয়ে ভবনটি দ্রুত ভেঙে ফেলতে মালিককে বলা হয়েছে। দোকানিদের নেমে যেতে পুলিশ বারবার অনুরোধও করেছে। কিন্তু কেউ শুনছেন না।পৌরসভার মেয়র রেজাউল হক সিকদার প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার জেলা প্রশাসক তাঁর কার্যালয়ে আইনশৃঙ্খলা-বিষয়ক সভায় সলেমান ম্যানশনের প্রসঙ্গ উত্থাপন করে আমার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেছেন, ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা এবং প্রয়োজনে ভেঙে ফেলার দায়িত্ব পৌরসভার। গতকাল মঙ্গলবার পৌরসভা থেকে মালিক ও ভাড়াটেদের নোটিশ দেওয়া হয়েছে।’