ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয়ের সেই ঝুঁকিপূর্ণ ভবনে এখনো পাঠদান চলছে। শ্রেণীকক্ষের অভাবে শিক্ষকেরা বাধ্য হয়ে ওই ভবনে ক্লাস নিচ্ছেন। ফলে ক্লাস শেষ হলে শিক্ষার্থীরা দৌড়ে সবাই শ্রেণীকক্ষ থেকে বের হয়ে আসে। আবার পাঠদান শুরু হলে গুটি গুটি পায়ে তারা শ্রেণীকক্ষে ঢুকে। উপজেলা সদরে ১৯৫৫ সালে স্থাপিত হয় বিদ্যালয়টি। এতে প্রায় ৯৫০ জন শিক্ষার্থী রয়েছে। কিন্তু তাদের জন্য নেই প্রয়োজনীয় শ্রেণীকক্ষ ও আসবাব। পুরোনো ভবন দুটিসহ একতলা একটি একাডেমিক ভবন থাকলেও শিক্ষার্থীর তুলনায় তা অপ্রতুল। তার ওপর পুরোনো ভবনের পাঁচটি কক্ষ একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র আরফিনা খাতুন বলেন, ‘প্রায় ছাদ থেকে ইট, সুরকি খসে মাথায় পড়ে। বৃষ্টি এলে ছাদ চুয়ে পানি পড়ে বই, খাতা, টেবিল ও বেঞ্চ ভিজে যায়।’ একই শ্রেণীর ছাত্রী ববিতা খাতুন বলে, ‘এই বুঝি ছাদ ভেঙে মাথায় পড়ে, সারাক্ষণ আতঙ্কে থাকি। ক্লাস শেষ করেই দৌড়ে বাইরে চলে যাই।’ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, ‘স্কুলটির দুর্দশার চিত্র নিয়ে প্রথম আলোয় ২০০৮ সালের অক্টোবরে প্রতিবেদন প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাৎক্ষণিক বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের দুর্দশা দেখে যান। বিষয়টি লিখিতভাবে একাধিকবার শিক্ষা মন্ত্রণালয়কেও জানানো হয়েছে। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের রংপুরের উপসহকারী প্রকৌশলী আবদুল হাই এসে দেখে গেছেন। কিন্তু আজও কোনো ফল হয়নি।’ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর তারাগঞ্জের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী রওশন আলী ও রংপুরের নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেন প্রধান জানান, ওই স্কুলে একটি নতুন ভবন নির্মাণের জন্য শিগগির এক কোটি পাঁচ লাখ টাকার দরপত্র আহ্বান করা হবে।