ঝুঁকিপূর্ণ ভবনে খাদ্য গুদামের কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পরিত্যক্ত কক্ষে খাদ্যগুদাম অফিসের কার্যক্রম চলছে। গত শনিবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পরিত্যক্ত কক্ষে খাদ্যগুদাম অফিসের কার্যক্রম চলছে। গত শনিবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

ছাদের পলেস্তারা খসে পড়েছে। বেরিয়ে এসেছে ভেতরের রডও। ফাটল ধরেছে পিলারে। এই ঝুঁকিপূর্ণ ভবনটি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খাদ্যগুদাম কার্যালয়। কার্যালয়-সংলগ্ন কর্মকর্তা ও কর্মচারীদের বাসভবনেরও একই অবস্থা।
গুদাম কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৬২ সালের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়াগ্রাম রেলস্টেশনের পাশে ১ একর ২০ শতাংশ জমির ওপর খাদ্যগুদামটি নির্মাণ করা হয়। এখানে তিনটি গুদাম, কার্যালয়, কর্মকর্তার বাসভবন এবং কর্মচারীদের জন্য দুটি আলাদা একতলা আবাসিক ভবন রয়েছে। প্রতিটি গুদামের ৫০০ মেট্রিক টন ধারণক্ষমতা। এখান থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মালপত্র সরবরাহ করা হয়।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, খাদ্যগুদাম কার্যালয়ের কক্ষের মেঝের বিভিন্ন স্থানে এবড়োখেবড়ো। ছাদের পলেস্তারার বিভিন্ন স্থানে খসে পড়েছে। এমনকি ভেতরের রডগুলো বের হয়ে গেছে। এক নম্বর গুদামের ছাদের পলেস্তারা খসে পড়েছে, দেয়ালে ফাটল দেখা দিয়েছে।
একই অবস্থা বাসভবনগুলোর। নিরাপত্তা প্রহরী নাইমুর রহমান বলেন, তিনি চার বছর ধরে এখানে বাস করছেন। বৃষ্টির সময় ঘরের মধ্যে পানি পড়ে। পলিথিন টাঙিয়ে রাখতে হয়। মাঝেমধ্যে ওপর থেকে পলেস্তারা খসে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও শ্রমিক ঠিকাদার গোবিন্দ কুমার বিশ্বাস বলেন, খাদ্যগুদাম এলাকাটি সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু গুদামের শুধু এক পাশে প্রাচীর দেওয়া আছে, অন্য তিন পাশে নেই। ফলে যে-কেউ ইচ্ছেমতো গুদাম এলাকায় আসতে পারে। রাতে এখানে শিয়াল ও কুকুর এসে ঘোরাঘুরি করে।
গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম বরকত বলেন, প্রায় পাঁচ মাস আগে গুদাম পরিদর্শন করেছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি দ্রুত সময়ের মধ্যে দরপত্র আহ্বান করে ভবনটি সংস্কারের বিষয়ে আশ্বস্ত করেছিলেন। ভবন সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো ফল পাননি।
জেলা খাদ্য কর্মকর্তা আবদুর রহমান বলেন, অল্প সময়ের মধ্যে ভবন সংস্কার করা হবে।