ঝুঁকিপূর্ণ ভবনে চলছে আদালতের কার্যক্রম!
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ঝুঁকিপূর্ণ ভবনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যক্রম চলছে। গণপূর্ত বিভাগ ইতিমধ্যে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে আদালত ও অফিস অন্যত্র স্থানান্তর করতে কক্সবাজারের জেলা ও দায়রা জজকে একটি চিঠি পাঠিয়েছে।আদালত সূত্রে জানা গেছে, আদালত ভবনটি ১৯৮৪ সালে স্থাপিত হওয়ার পর ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন অংশে ফাটল ধরে। পরে ১৯৯৯ সালের ২২ জুলাই ভূমিকম্পে ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দেয়। কিন্তু কয়েকবার ভবনটি সংস্কার করলেও তাতে কোনো কাজ হয়নি। ফলে সামান্য বৃষ্টি হলে ওই ভবনের ছাদ চুইয়ে আদালতের বিভিন্ন কক্ষে পানি পড়ে কাগজপত্র নষ্ট হয়।গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, আদালত ভবনের বিভিন্ন কক্ষে ফাটল ধরেছে। আর পিলারে অবস্থাও একই। বিভিন্ন কক্ষের ভেতরে ছাদের পলেস্তার খসে পড়ছে। আর বৃষ্টির পানি থেকে রক্ষার জন্য মালখানার আলামতগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে।আদালত ভবনের কনস্টেবল বিকাশ দে জানান, কয়েক দিন আগে কক্ষের ওপরে পলেস্তার খসে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান আদালতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা। ফলে এই ঝুঁকিপূর্ণ ভবন থেকে আদালত অন্যত্র সরিয়ে না নিলে যেকোনো মুহূর্তে ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আইনজীবী আবু তালেব বলেন, আদালত ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ভবন থেকে আদালতের কার্যক্রম পার্শ্ববর্তী যেকোনো স্থানে স্থানান্তর করা জরুরি।আদালতের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা আবদুর রউফ বলেন, বৃষ্টির পানি থেকে রক্ষার জন্য আদালতে প্রয়োজনীয় কাগজপত্র পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে।এ প্রসঙ্গে গণপূর্ত বিভাগের কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী আজাদ হোসেন বলেন, ওই আদালত ভবনে বড় ধরনের মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করলেও তা ঝুঁকিমুক্ত করা সম্ভব নয়। তাই ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে জরুরি ভিত্তিতে আদালত ও অফিস অন্যত্র স্থানান্তর করতে কক্সবাজার জেলা ও দায়রা জজকে চিঠি দেওয়া হয়েছে।