ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে ঝুঁকিপূর্ণ বিএডিসির দোতলা ভবনে বসে আছেন এই কার্যালয়ের ঝাড়ুদার খোদেজা বেওয়া। ছবিটি সম্প্রতি তোলা
শেরপুরে ঝুঁকিপূর্ণ বিএডিসির দোতলা ভবনে বসে আছেন এই কার্যালয়ের ঝাড়ুদার খোদেজা বেওয়া। ছবিটি সম্প্রতি তোলা

বগুড়ার শেরপুরে ঝুঁকিপূর্ণ দোতলা ভবনে চলছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ক্ষুদ্র সেচ কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম। বৈরী আবহাওয়ার সময় ধসে পড়ার ভয়ে এ ভবনে কর্মরত লোকজন জীবনের ভয়ে অন্যত্র সরে যান। আর
কোনো বিকল্প না থাকায় বাধ্য হয়ে আবার ফিরে এসে এখানেই অফিস করেন।
৯ জুন উপজেলা পরিষদ চত্বরে বিএডিসি কার্যালয়ে সরেজমিনে দেখা যায়, ভবনের প্রতিটি কক্ষের এবং বাইরের দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। ভবন নির্মাণের সময় ব্যবহৃত লোহার রডগুলো বের হয়ে মরিচা ধরে গেছে। ভবনের দেয়ালের ফাটল দিয়ে আগাছার শিকড় বেরিয়ে এসেছে।
ঝুঁকিপূর্ণ এ ভবনের পাশেই রয়েছে শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, বিএডিসির এই ভবনের সামনে দিয়ে তাঁর বিদ্যালয়ের শিশুরা যাতায়াত করে। বিকেলে এলাকার শিশুরা এসে ভবনের সামনের ফাঁকা জায়গায় খেলাধুলাও করে। ঝুঁকিপূর্ণ এ ভবন হয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করা শিশুদের দিকে তাঁদের সার্বক্ষণিক নজর রাখতে হয় বলে জানান প্রধান শিক্ষক।
বিএডিসির শেরপুর কার্যালয়ের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, অফিস চলাকালীন একটু ভারী বৃষ্টি বা দমকা হাওয়া হলেই এ কার্যালয়ে কর্মরত লোকজন জীবনের ভয়ে ভবন ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নেন।
কার্যালয়টির ঝাড়ুদার খোদেজা বেওয়া বলেন, অন্তত ২০ বছর ধরে ভবনটিকে তিনি ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখছেন।
শেরপুর পৌরসভার সংশ্লিষ্ট ওই ভবন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আলম বলেন, বিএডিসির এই ঝুঁকিপূর্ণ ভবনটি তাঁর ওয়ার্ডের মধ্যে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের লোকজনের এ ভবনটির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় এটি ধসে পড়ে এলাকায় বড় ধরনের প্রাণহানীর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
বিএডিসির বগুড়া জোন কার্যালয়ের সহকারী প্রকৌশলী সালেহ্ রাজ্জাক বলেন, ১৯৬৭-৬৮ সালে তৎকালীন থানা পরিষদ থেকে বিএডিসির দাপ্তরিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এ ভবনটি নির্মাণ করা হয়েছিল। ঝুঁকিপূর্ণ এই ভবন সম্পর্কে তিনি সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছেন।
বিএডিসির এই ভবনটি সম্পর্কে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ওবায়দুল ইসলাম বলেন, খালি চোখেই বোঝা যায় শেরপুরের বিএডিসির দাপ্তরিক ভবনটি কতটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
শেরপুর বিএডিসি কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মাসউদুল করিম বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও সরকারিভাবে এখনো পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। ঝুঁকিপূর্ণ হওয়ায় ১২-১৩ বছর আগে এ ভবনের দোতলার ছাদ ভেঙে টিনের ছাউনি দেওয়া হয়। এরপর আর কোনো কিছু করা হয়নি। জীবনের ঝুঁকি নিয়েই তাঁদের দাপ্তরিক কার্যক্রম চালাতে হয়।