ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের নিউমার্কেট এলাকার সোনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ ও স্তম্ভে ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যে একটি কক্ষের ছাদের কিছু অংশ ধসে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষ এই ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান করছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে এই বিদ্যালয়ের জন্য একটি তিনতলা ভবন নির্মাণ করা হয়। এতে আটটি কক্ষ আছে। এর মধ্যে নিচতলায় শিক্ষকদের বসার জন্য একটি কক্ষ আছে। বাকি সাতটিতে পাঠদান করা হতো। নির্মাণের ১৫ বছরের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হয়। ফাটল সৃষ্টি হওয়ায় ও পলেস্তারা খসে পড়ায় তিনটি শ্রেণীকক্ষ দুই বছর ধরে ব্যবহার করা যাচ্ছে না। বাকি চারটি কক্ষে এখন ঝুঁকি নিয়ে পাঠদান করা হচ্ছে।
২০০৬ সালে ভবন সংস্কারের জন্য ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এরপর আর বরাদ্দ আসেনি। বিদ্যালয়ে ৩০০ শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক আছেন।
১৯ নভেম্বর বেলা ১১টায় সরেজমিনে দেখা গেছে, ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। ব্যবহারের অনুপযোগী কক্ষগুলোতে তালা দিয়ে রাখা হয়েছে। বারান্দার গ্রিলগুলো ভেঙে গেছে। পলেস্তারা খসে স্তম্ভগুলোর ভেতরের লোহার রড বের হয়ে আছে।
চতুর্থ শ্রেণীর ছাত্রী শাম্মি আকতার বলে, ‘ক্লাস করতে খুব ভয় করে। কিন্তু লেখাপড়া শেখার জন্য জন্য ভয় নিয়েও ক্লাস করি।’দ্বিতীয় শ্রেণীর ছাত্র মো. সিয়াম বলে, ‘ছাদের পলেস্তারা খসে গায়ের ওপর পড়ে।’
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, সদর উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে একাধিকবার আবেদন করে কোনো কাজ হয়নি। বিভিন্ন সময় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শনে এসেছেন। কিন্তু ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর নাহার বলেন, ‘বিকল্প ব্যবস্থা না থাকায় পাঁচ-ছয় বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করা হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কায় অনেক অভিভাবক তাঁদের সন্তানদের এই বিদ্যালয় থেকে সরিয়ে নিচ্ছেন। কোনো সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত কক্ষ থাকলে সেখানে নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করার চিন্তা করছি।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, ওই বিদ্যালয়ের সমস্যার কথা তিনি জানেন। তিনি শিগগির ওই বিদ্যালয় পরিদর্শন করবেন। এ ছাড়া ওই বিদ্যালয়ের কার্যক্রম অন্য কোথাও স্থানান্তর করার চিন্তা করছেন।