ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসাসেবা কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকি নিয়েই সেখানে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। যেকোনো সময় ভবনটি ধসে পড়ে প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে জানা গেছে, ১৯৯০ সালে ধলঘাটা ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে সুতরিয়া বাজারের পূর্ব পাশে দোতলাবিশিষ্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনটি নির্মাণ করে।

১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ের আঘাতে স্বাস্থ্যকেন্দ্রের ওই ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরে। এরপর বিভিন্ন সময়ে আরও কয়েকটি ঘূর্ণিঝড়ের আঘাতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। সংস্কার না করায় ভবনটি ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের ওই ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে এবং দরজা-জানালা ভেঙে গেছে। এ কারণে ভবনের নিচতলায় চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। দ্বিতীয় তলায় চিকিৎসাসেবা কার্যক্রম চালাচ্ছেন উপসহকারী কমিউনিটি চিকিৎসক ইয়াকুব আলী।

ইয়াকুব আলী বলেন, স্বাস্থ্যকেন্দ্রের ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও তা সংস্কারের ব্যাপারে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে ভবনটি যেকোনো মুহূর্তে ধসে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কক্সবাজারের উপপরিচালক দীপক তালুকদার বলেন, এরই মধ্যে স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কার করার বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হলেও কোনো কাজ হয়নি।