ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই ভবনেই ঝুঁকি নিয়ে চলছে পাঠদান কার্যক্রম। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা স্কুল চলাকালে আতঙ্কে থাকেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৫-৯৬ অর্থবছরে চার কক্ষবিশিষ্ট ভবনটির নির্মাণকাজ শেষ হয়। ইতিমধ্যে ভবনের ছাদ ও বিমের পলেস্তারা খসে পড়ছে। স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র নুর আলম, নুতরান জাহান ও তানজিদা আক্তার বলে, ক্লাস করার সময় মাঝেমধ্যে ছাদের প্লাস্টার তাদের শরীরে পড়ে। তারা ভয়ে ভয়ে ক্লাস করে। কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ের নলকূপটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় আশপাশের বাড়িতে গিয়ে তাদের পিপাসা মেটাতে হয়। শৌচাগার ব্যবহারের অনুপযোগী হওয়ায় বিভিন্ন বাড়িতে গিয়ে তাদের প্রাকৃতিক কাজ সারতে হয়।
১৮ আগস্ট সরেজমিনে দামপাড়া ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক মো. এরশাদ আলী বলেন, ‘বিদ্যালয়ের ২০৮ জন শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করে চলেছি। বিদ্যালয়ের ছাদ ও বিমের পলেস্তারা খসে পড়ছে। দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দুবার চিঠি দিয়ে জানিয়েছি। জেলা শিক্ষা কর্মকর্তাকেও চিঠি দিয়ে জানিয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ভয়ে অনেক সময় ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে চায় না।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ছাইদুর রহমান বলেন, বৃষ্টি নামলেই ছাদ চুইয়ে ক্লাসরুমে পানি পড়ে। মাঝেমধ্যে ছাদের পলেস্তারা ভেঙে শ্রেণিকক্ষে পড়ে। এতে শিক্ষক-শিক্ষার্থীরা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে একটি নতুন ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের ভূঞা বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির লিখিত আবেদন পেয়ে উপজেলা শিক্ষা কমিটিকে অবহিত করে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য রেজল্যুশন করে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।