
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গণকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই নম্বর ভবনের পাঁচটি কক্ষই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের ছাদের বিম, দেয়াল ও মেঝেতে দেখা দিয়েছে ফাটল। এ পরিস্থিতিতে শিক্ষার্থী ও শিক্ষকেরা ভয় ও শঙ্কা নিয়ে বসছে শ্রেণিকক্ষে।
ভবনের পঞ্চম শ্রেণির কক্ষটি হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এ শ্রেণির শিক্ষার্থী মাকরুবা খাতুন, নূরী খাতুন, সাহিদা খাতুন, সাবিহা খাতুন, মো. শাওন, মিজানুর রহমান ও অন্যরা জানায়, মনে ভয় নিয়ে তাদের ক্লাসে বসে থাকতে হয়।
সাহিদা খাতুন ও সাবিহা খাতুনের বাবা শরিফ হোসেন বলেন, ‘আমার যমজ মেয়ে দুটো পঞ্চম শ্রেণিতে পড়ে। এ বিদ্যালয় থেকে ছেলেও পঞ্চম শ্রেণি পাস করে এবার ষষ্ঠ শ্রেণিতে উঠেছে। ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করায় ছেলেকে নিয়ে ভয়ে ছিলাম। এখন মেয়েদের নিয়ে ভয়ে থাকি। ভূমিকম্প তো রয়েছেই। একটু বড় ভূমিকম্প হলেই ওই ভবন যে ধসে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই।’ এ অবস্থায় শিগগিরই কর্তৃপক্ষ যেন ভবনটি সংস্কার করে সে দাবি জানান এ অভিভাবক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহরা খাতুন বলেন, ১৯৯৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) কর্তৃক ভবনটি নির্মাণ করা হয়। গত চার বছর থেকে ছাদের বিম ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ক্লাস চলার সময় প্রায়ই ছাদের বিম থেকে খোয়া ঝরে পড়ে। বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও শিক্ষার্থীরা থাকে ভয়ের মধ্যে। ২০১৪ সালের এপ্রিল মাসে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়। এ ছাড়া মৌখিকভাবেও জানানো হয়েছে একাধিকবার। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি সাইফুল ইসলাম গাজি প্রথম আলোকে বলেন, ‘অভিভাবকেরা প্রায়ই ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে তাঁদের উদ্বেগের কথা আমাদের জানান। নতুন ভবনের জন্য এরই মধ্যে দুই দফা লিখিত আবেদন জানানো হয়েছে। এসএমসির সব সদস্য মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে গিয়ে একাধিকবার মৌখিকভাবে অনুরোধও করে এসেছি। কিন্তু এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।’
ইউএনও ইফতেখার উদ্দিন শামীম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান বলেন, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে লিখিতভাবে জানানো হয়েছে।