পরিত্যক্ত ঘোষণা করা ঝুঁকিপূর্ণ ভবনে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ৪৪ নম্বর চরঠেঙ্গামারা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে দীর্ঘদিন থেকে। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১০ জুন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়াজ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী আবদুর রউফ বিদ্যালয়টির ভবন পরিদর্শন করে তা পরিত্যক্ত ঘোষণা করেন। তার পরও ঝুঁকি নিয়ে সেখানে পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া হয়। এরপর গত ২৬ ফেব্রুয়ারি মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বিদ্যালয়টি পরিদর্শন করে দ্বিতীয় দফায় এর ভবন পরিত্যক্ত ঘোষণা করেন এবং বিকল্প জায়গায় পাঠদান করাতে শিক্ষকদের নির্দেশ দেন। কিন্তু বিকল্প জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষকেরা ওই ভবনেই পাঠদানে বাধ্য হচ্ছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা আক্তার বলেন, ‘এখানে নতুন ভবন নির্মাণ এখন আমাদের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে।’ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি খায়রুল আলম ব্যাপারী বলেন, বিদ্যালয়ের ছাদের এমন কোনো জায়গা নেই, যেখান দিয়ে পানি পড়ছে না। তিনি বারবার উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভায় শিক্ষার্থীদের দুর্ভোগের কথা উত্থাপন করেছেন, কিন্তু কোনো সুফল পাননি।কাজী আবদুর রউফ বলেন, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনকে তাঁরা পরিত্যক্ত ঘোষণা করেছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এখনো অনুমোদিত হয়নি।