ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বাউফল থানার কার্যক্রম
পটুয়াখালীর বাউফল থানা ভবনে ঝুঁকি নিয়ে কাজ করছে পুলিশ। ছাদের টাই বিমের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে ও পলেস্তারা খসে পড়েছে। থানা সূত্রে জানা গেছে, ১৮৭৪ সালে ২ দশমিক ৯৪ একর জমির ওপর বাউফল থানা কার্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৪২ সালে থানার মূল ভবনটি (দ্বিতল) নির্মাণ করা হয়। এর নিচতলায় চারটি কক্ষ আছে। এই চার কক্ষের মধ্যে একটিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একটিতে উপপরিদর্শকেরা (এসআই) বসেন। বাকি দুটির মধ্যে একটি হাজতখানা ও অপরটি মালখানা হিসেবে ব্যবহার করা হয়। দোতলায় একটি কক্ষ আছে, সেখানে ২৮ জন পুলিশ সদস্য বাস করেন।সরেজমিনে দেখা যায়, মূল ভবনের ছাদের বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ে লোহার রড বের হয়ে গেছে ও ছাদের টাই বিমে ফাটলের সৃষ্টি হয়েছে। পুরুষ হাজতখানাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। থানার চারপাশে নিরাপত্তাপ্রাচীর নেই।এসআই লুৎফর রহমান বলেন, ‘জরাজীর্ণ এই ভবনে আমরা জীবনের ঝুঁকি নিয়ে যাবতীয় কার্যক্রম চালাচ্ছি। অনেক পুলিশ সদস্য ভবনটির দোতলায় বসবাস করছেন। সাভারের ঘটনার পর তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, ভবনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের জুন মাসে নতুন ভবনের নির্মাণকাজ শুরু হবে।