ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিশুদের পাঠদান

২০০৫ সালের ডিসেম্বর মাস। তৃতীয় শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ শ্রেণিকক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে এক শিক্ষার্থীর মাথায়। আহত হয় সে। পরের বছরই বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর চলে যায় ১০ বছর। কিন্তু আজও হয়নি নতুন ভবন। ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ভবনেই চলছিল পাঠদান। ফলে এ বছর পলেস্তারা খসে আহত হন এক শিক্ষক।
বলা হচ্ছে পাবনার সুজানগর উপজেলার ক্রোড়দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা। তবে শুধু এই বিদ্যালয়টিই নয়; উপজেলার আরও ১৫টি বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিশুদের পাঠদান। ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ভয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছেড়ে বেসরকারি কিন্ডারগার্টেনে যাচ্ছে শিশুরা। যারা থাকছে, তারাও আছে ঝুঁকির মধ্যে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলা বিদ্যালয়গুলো হচ্ছে দুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়-রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেমরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাগতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামারদুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ক্রোড়দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের প্রতিটির অন্তত একটি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে।

এসব বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এসব বিদ্যালয়ের বেশির ভাগেরই ১৯৯২ সালের প্রথম দিকে নতুন ভবন নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু নিম্নমানের নির্মাণসামগ্রী দেওয়ায় কিছুদিনের মধ্যেই ভবনের গা থেকে পলেস্তারা খুলে পড়তে শুরু করে। কিছু কিছু ভবনে ফাটল দেখা দেয়। মেরামত না করায় দ্রুত এসব ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কিন্তু বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়ে শিক্ষকেরা ঝুঁকিপূর্ণ এসব ভবনে শিশুদের বসিয়ে পাঠদান করছেন।
সরেজমিনে ১১ ডিসেম্বর উল্লিখিত ১৫টির মধ্যে চারটি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ক্রোড়দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি ভবন থাকলেও একটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী। ভবনের প্রতিটি কক্ষের ছাদের পলেস্তারা খুলে পড়েছে। ছাদ ফেটে বেরিয়ে আছে লোহার রড। হেমরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটিই পাকা ভবন। ইট-সিমেন্টের পিলারগুলো ক্ষয়ে গেছে। লোহার রডের ওপর দাঁড়িয়ে আছে মূল কাঠামো। কৃষ্ণপুর ও কামারদুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও একই অবস্থা।
কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ বলেন, দীর্ঘদিন ধরেই তাঁর স্কুলের ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। নতুন ভবন চেয়ে আবেদনও করেছেন। কিন্তু এখনো হয়নি। বিকল্প না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস নিতে হচ্ছে। ক্রোড়দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাফ হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে ক্লাস নিতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। ২০০৫ সালে মাথায় পলেস্তারা পড়ে তৃতীয় শ্রেণির ছাত্র বাবুল হোসেন আহত হয়েছিল। এ বছর তিনি নিজে আহত হয়েছেন। মাথায় ক্ষত নিয়ে বেশ কিছুদিন তাঁকে ভুগতে হয়েছে।
কামারদুলিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনের কারণে শিশুরা আমাদের স্কুলে আসতে চায় না। অনেকেই কিন্ডারগার্টেনে চলে গেছে।’
বিদ্যালয়টির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাজনীন খাতুন বলে, ‘ভাঙাচোরা বিল্ডিংয়ের জন্যি স্কুলি আসতি ভয় লাগে। যতক্ষুণ কিলাস হয়, ভয়ে থাহি।’
কামারদুলিয়া গ্রামের এক শিক্ষার্থীর অভিভাবক গোলাম মোস্তফা বলেন, শিশুদের বিদ্যালয়ে এমন ঝুঁকিপূর্ণ ভবন থাকলে বিদ্যালয়গুলো একসময় শিক্ষার্থীশূন্য হয়ে পড়বে।
এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা নার্গিস আক্তার বলেন, ‘আমরা এরই মধ্যে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি। বরাদ্দ এলেই নতুন ভবন তৈরি করে দেওয়া হবে।