ব্রিটিশ আমলে নির্মিত ভবনটিতে একসময় খুলনা সদর হাসপাতাল ছিল। কিন্তু এখন সেটি পরিত্যক্ত। লাল রঙের ভবনটির এখানে-সেখানে পলেস্তারা খসে পড়েছে। ভবনজুড়ে অসংখ্য ফাটল। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। ভবনটির গায়ে সতর্কবার্তার সাইনবোর্ড ঝুলিয়ে বলা হয়েছে, ‘ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিধায় ভবনের অভ্যন্তরে প্রবেশ ও বসবাস সম্পূর্ণ নিষেধ।’
কিন্তু বাস্তবতা পুরোই উল্টো। পরিত্যক্ত এই ভবনটিতেই চলছে চিকিৎসাসেবা। একই সঙ্গে বসবাস করছেন হাসপাতালের কর্মচারীরা। সবকিছু দেখেও উদাসীন কর্তৃপক্ষ।
সদর হাসপাতাল থেকে জানা যায়, ১৯৩৫ সালে দুই তলাবিশিষ্ট এই ভবনটি নির্মাণ করা হয়। এর নিচতলায় ছয়টি ও দোতলায় তিনটি কক্ষ রয়েছে। ভবনটি নির্মাণের পর বেশ কয়েকবার মেরামত করে হাসপাতালের কার্যক্রম চলে। কিন্তু একসময়ে মেরামতযোগ্য না হওয়ায় বছর খানেক আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর সদর হাসপাতালের কার্যক্রম শুরু হয় পাশে নির্মিত নতুন ভবনে।
তবে সরেজমিনে দেখা গেছে, পরিত্যক্ত হলেও ওই ভবনের দোতলাকে ওষুধের গুদাম বানানো হয়েছে। এখান থেকে উপজেলার বিভিন্ন হাসপাতালে ওষুধ সরবরাহ করা হয়। আর নিচের তলায় দক্ষিণ পাশের প্রথম কক্ষে হচ্ছে যক্ষ্মা রোগীদের চিকিৎসাসেবা কেন্দ্র। পরের কক্ষে সদর আরবান ডিসপেনসারি। তৃতীয় কক্ষে বাস করছেন সদর হাসপাতালের অফিস সহকারী মো. মশিউর রহমান। এরপরের দুটি গুদাম এবং সর্বশেষ কক্ষে হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক মো. হাসান শেখ পরিবার নিয়ে বসবাস করেন।
সদর আরবান ডিসপেনসারির এমএলএসএস শাহনাজ পারভীন বলেন, ‘সিভিল সার্জন আমাদের জন্য কোনো কক্ষ দেননি। এখন নিরুপায় হয়ে এই কক্ষে ঝুঁকি নিয়ে চিকিৎসা করা হচ্ছে। যেকোনো সময় এটি ভেঙে পড়তে পারে।’
মো. হাসান শেখ বলেন, ‘আমাদের কোয়ার্টারে বসবাসের জায়গা না থাকায় এখানে বসবাস করছি। অন্য জায়গায় বাসা নিতে খরচেরও একটা ব্যাপার আছে।’
চর্মরোগের চিকিৎসাসেবা নিতে আসা নগরের বড় বাজার এলাকার পারভীন খাতুন বলেন, ‘ভয় করে এই ঘরের মধ্যে ডাক্তার দেহাতে। তার পরেও কোনো পথ না থাকায় দেহাতি হয়।’
সিভিল সার্জন মো. ইয়াসিন আলী সরদার বলেন, ‘আমরা সবাইকে সতর্ক করে দিয়েছি। কিন্তু তার পরেও কেউ কেউ নিজ দায়িত্বে ওই ভবনে থাকছে। রুমের স্বল্পতার কারণে ওই রুমে তারা চিকিৎসাসেবা করছে।’ ওষুধ রাখার ব্যাপারে তিনি বলেন, ‘ঔষধ অন্যদিকে রাখার চেষ্টা করছি।’