ঝুঁকিপূর্ণ ভবনে তালা
ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পরও পোশাক কারখানার উৎপাদন বন্ধ না করায় গতকাল শনিবার দুপুরে নগরের আগ্রাবাদ এলাকায় জেকস ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এস এম আবদুল কাদেরের নেতৃত্বে প্রশাসন ওই ভবনে তালা দেয়। আগ্রাবাদের বাদামতলী মোড়ের কাছে চারতলা ভবনটির চতুর্থ তলায় রয়েছে তৈরি পোশাক কারখানা। তৃতীয় তলায় বিমা প্রতিষ্ঠানের কার্যালয়। এ ছাড়া বিভিন্ন তলায় ৩২টি দোকান ছিল। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সূত্র জানায়, সিডিএ ইতিপূর্বে চট্টগ্রাম শহরের ৬০টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে, যার মধ্যে জেকস ভবন অন্যতম। ২০০৫ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণার পর সমপ্রতি পাশের একটি ভবনের বেজমেন্টের জন্য গর্ত খোঁড়া হলে ভবনটি এক পাশে হেলেও যায়। ভবনের দেয়ালে একাধিক বড় ফাটল রয়েছে, যা বাইরে থেকেই দেখা যায়। জানা গেছে, চারতলা ভবনের চতুর্থ তলায় লাকী গ্রুপের তৈরি পোশাক কারখানা। সেখান থেকে কিছুই সরানো হয়নি। গতকাল শনিবার পূর্বঘোষিত বন্ধের কারণে পোশাক কারখানাটি আগে থেকেই সিলগালা করা ছিল। ভবনের মালিক শেখ খুরশিদ আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘সাভারে মর্মান্তিক দুর্ঘটনার আগেই আমরা ভবনটি বন্ধ করার জন্য সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয় কর্তৃপক্ষ (সিডিএ) ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থাকে অনুরোধ করি। কেউ আমাদের কথা শোনেনি। পোশাক কারখানাটিও বন্ধ করতে অস্বীকৃতি জানিয়ে আসছিল কারখানার মালিক।’ ভবনের পোশাক কারখানা মালিক লাকী গ্রুপের চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ করে ভবনে তালা ঝুলিয়ে দেওয়া অমানবিক। আমরা বিষয়টি বিজিএমইএকে লিখিতভাবে জানিয়েছি।’ তিনি দাবি করেন, ‘ভবনটি মোটেও ঝুঁকিপূর্ণ নয়। আমরা প্রকৌশলী দিয়ে তা পরীক্ষা করে দেখেছি। তা ছাড়া এ নিয়ে আমাদের সঙ্গে মালিকের মামলাও চলছে। এ অবস্থায় কোনো ধরনের নোটিশ না দিয়েই প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে।’