ঝুঁকিপূর্ণ ভবনে পরীক্ষা, পাঠদান
জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের একটি ভবনের বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। পলেস্তারা খসে ছাদ চুইয়ে পানি পড়ছে। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে এসব কক্ষেই ক্লাস করছে ছাত্রীরা। কলেজ সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে প্রথমে ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ওই সময় নির্মাণ করা হয় একটি একতলা ভবন। এ ভবনে সাতটি কক্ষ আছে। দীর্ঘদিন আগে নির্মাণ করায় ভবনটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনের সাতটি কক্ষ। ১৯৯৫ সালে বিদ্যালয়টি কলেজে রূপান্তর করা হয়। এখানে ৬০০ ছাত্রী লেখাপড়া করে। অধ্যক্ষ ও অভিভাবকেরা জানান, ওই ঝুঁকিপূর্ণ ভবনে বছরে তিনটি বোর্ড পরীক্ষা হয়। ভবনটির বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরেছে। প্রতিটি কক্ষের ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা।১৯ নভেম্বর সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবনটির ঝুঁকিপূর্ণ সাতটি কক্ষের মধ্যে ছেলেমেয়েরা জেএসসি পরীক্ষা দিচ্ছে। ৬ নম্বর কক্ষের পরীক্ষার্থী উপজেলার আকলাশ শ্যামপুর শিবপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র রফিকুল ইসলাম বলে, ইংরেজি পরীক্ষার দিন খাতার ওপর ছাদের বালু ও পলেস্তারা খসে পড়েছে।দশম শ্রেণীর ছাত্রী জাহারুন নাইম, আলেয়া বেগম ও রাফি নাজনীন জানান, দেয়ালে বড় বড় ফাটল ধরেছে। ছাদ চুইয়ে পানি পড়ায় বর্ষাকালে কক্ষ স্যাঁতসেঁতে থাকে। কোথাও ফাঙ্গাস ধরে। ছাদ থেকে বড় বড় পলেস্তারা পড়লে মনে হয় ছাদ ভেঙে মাথায় পড়বে।বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি নবীউল ইসলাম চৌধুরী বলেন, প্রতিষ্ঠানের সাতটি ক্লাসরুম একেবারে নষ্ট হয়ে গেছে। ওই ভবনটি অনেক দিনের পুরোনো। অনেক আগেই এটি পরিত্যক্ত ঘোষণা করা উচিত ছিল। কিন্তু বর্তমানে এখানে শ্রেণীকক্ষের সংকট থাকায় তা পারা যায়নি।অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, অনেক লেখার পরও নতুন ভবন বরাদ্দ পাওয়া যায়নি। ছাত্রীরা আসলেই খুব কষ্টে শ্রেণীকক্ষে পড়াশোনা করে।