ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান!
সংস্কারের অভাবে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের পিলার ও ছাদের কয়েকটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ফলে ওই বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়েছে।জানা গেছে, ১৯৬৯ সালে বিদ্যালয়ের ভবন নির্মাণ করার পর থেকে কোনো সংস্কার করা হয়নি। এ কারণে ভবনের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল ধরার পাশাপাশি ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। যেকোনো মুহূর্তে ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা।গত শনিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনের ২৭টি পিলারের মধ্যে ২৪টিতে ফাটল ধরেছে। বেশ কয়েকটি পিলারের রড বেরিয়ে গেছে। ওই দ্বিতল ভবনে বিদ্যালয়ের চারটি ক্লাসরুম ও একটি অফিস রয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কান্তি শীল বলেন, সংস্কার করলেও ওই ভবনটি বেশি দিন টেকসই হবে না। তাই ভবনটি ভেঙে ফেলে আরেকটি নতুন করে ভবন নির্মাণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।ইউএনও মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টি আমি শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।’