ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হলেও পাঠদান করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ রকম ৮৯টি বিদ্যালয়কে চিহ্নিত করেছে।এর মধ্যে কোটালীপাড়া উপজেলায় ৩৫টি, কাশিয়ানী উপজেলায় ১০টি, মুকসুদপুর উপজেলায় ১০টি, টুঙ্গিপাড়া উপজেলায় সাতটি ও সদর উপজেলায় ২৭টি বিদ্যালয় রয়েছে।ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান না করার জন্য জেলা শিক্ষা কার্যালয় বিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দিলেও তা মানা হচ্ছে না। আর বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, কক্ষ-সংকটের কারণে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করাতে হচ্ছে। এসব ভবনে পাঠদান বন্ধ করলে অধিকাংশ বিদ্যালয়ই বন্ধ করে দিতে হবে।গোপালগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম প্রথম আলোকে বলেন, জেলার ৮৯টি প্রাথমিক বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেসব ভবনে পাঠদান না করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প স্থানে নিরাপদে তাদের পাঠদান করতে বলা হয়েছে। এর পরও কোনো বিদ্যালয়ে দুর্ঘটনা ঘটলে তাদের দায় বহন করতে হবে, যারা নির্দেশ মানবে না। তিনি জানান, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।কোটালীপাড়া উপজেলার সিকির বাজার গ্রামে কেপি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, তিনটি ভবনের মধ্যে দুটি ঝুঁকিপূর্ণ। একটি ভবন জরাজীর্ণ। অন্যটির ছাদের পলেস্তারা খসে পড়ছে। ভবনের বারান্দার স্তম্ভগুলো বিপজ্জনকভাবে ফেটে গেছে। এর মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষকদের বসার কক্ষটিও ঝুঁকিপূর্ণ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, হাদিউজ্জামান ও ইসরাত জাহান জানান, ঝুঁকি জেনেও শ্রেণীকক্ষের সংকটের কারণে পাঠদান করতে হচ্ছে। ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এই ভবন দুটিতে পাঠদান না করাতে বলেছে। পার্শ্ববর্তী চিত্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একই দশা। প্রধান শিক্ষক সঞ্চিতা হালদার বলেন, শিক্ষার্থী ২২৩ জন। আর শ্রেণীকক্ষ তিনটি। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ একটি কক্ষে পাঠদান করাতে হচ্ছে।গোপালগঞ্জ শহরের এসএস মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ তিনতলা ভবনটিতে পাঠদান চলছিল। কিন্তু সাভারের ঘটনার পর কর্তৃপক্ষ সেখানে পাঠদান বন্ধ করে দিয়েছে। একটি ভবনে স্থান সংকুলান না হওয়ায় দুই পালায় পাঠদান চলছে বলে জানান প্রধান শিক্ষক শামিম আক্তার জাহান।কাশিয়ানী উপজেলার রাজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনে নিচতলার সব কটি কক্ষে ফাটল দেখা দিয়েছে। প্রধান শিক্ষক অনাদি রঞ্জন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রোববার উপজেলা প্রকৌশলী ভবনটিতে আর পাঠদান না করার জন্য নির্দেশ দিয়ে গেছেন। তবে বিকল্প ভবন বা ঘর না থাকায় তাঁরা বিপাকে পড়েছেন।