ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ফতেনগর শরীফুন্নেছা নজির উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে শ্রেণীকক্ষে পাঠদান করা হচ্ছে।বিদ্যালয় সূত্র জানায়, জোয়ারা ইউনিয়নের ফতেনগর গ্রামে ১৯৭৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৫ সালে এটি শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে। বর্তমানে ছাত্রীসংখ্যা ২৫০ জন। দ্বিতল ভবনটির ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল ধরে পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে এসেছে। প্রশাসনকে ২০০১ সাল থেকে জানিয়ে এলেও ভবনটির উন্নয়নে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।সরেজমিনে মঙ্গলবার গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের দ্বিতল ভবনটির নিচে তিনটি ও ওপরে তিনটি শ্রেণীকক্ষ। নিচের তিনটিতে সপ্তম, নবম ও দশম শ্রেণীর পাঠদান চলছে। শ্রেণী কক্ষে ঢুকে দেখা যায়, ছাদের বিম বেঁকে যাওয়ায় পাকা পিলার দিয়ে টেস দেওয়া হয়েছে। জানালা-দরজা নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় তলার তিনটি শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রাখা হয়েছে। ছাদের কোনো কোনো স্থান দেবে গেছে। সপ্তম শ্রেণীর ছাত্রী আপ্পী দাশ, নবম শ্রেণীর সোনিয়া আক্তার ও দশম শ্রেণীর আপসানা আজাদ জানায়, বড্ড ভয় করে, কখন ছাদটি মাথার ওপর ভেঙে পড়ে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে পড়াশোনা করতে হচ্ছে।প্রধান শিক্ষিকা খুরশিদ রোকেয়া প্রথম আলোকে জানান, ২০০১ সালে তখনকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল আলম বিদ্যালয় পরিদর্শন করে ভবনের করুণ দৃশ্য দেখে এই বিদ্যালয় ভবন নির্মাণে প্রধান্য দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ২০১১ সালেও নতুন ভবন নির্মাণের তালিকায় এই বিদ্যালয়ের নাম নেই।তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা সব সময় ভয়ে থাকে, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প হলে কী যে অবস্থা হবে, তা নিয়ে দুশ্চিন্তা। এর পরও বোর্ড পরীক্ষায় ধারাবাহিকভাবে কৃতিত্বপূর্ণ ফলাফল করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে এই বিদ্যালয়ের ছাত্রীদের পাসের হার ৮০ শতাংশ।বিদ্যালয়ের দাতা সদস্য জিয়াউদ্দীন জানান, জরাজীর্ণ স্কুলভবনটির উন্নয়নের আশ্বাস পাওয়া গেলেও কাজের কাজ কিছুই হয়নি। এ পর্যন্ত অনেক আবেদন-নিবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি। সাংসদ কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমও স্কুলভবনটি পরিদর্শন করে গেছেন।উপজেলা শিক্ষা প্রকৌশলী মিজানুর রহমান জানান, বিদ্যালয়টির নাম উন্নয়নের তালিকায় নেই।