ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনের ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা। ছাদের কিছু স্থানে রড বের হয়ে আছে। এই দুরবস্থা রংপুরের বদরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের একটি ভবনের। এই ঝুঁকিপূর্ণ ভবনেই সাত-আট বছর ধরে পাঠদান করা হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জ পৌর শহরে ১৯৬৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ে ৭০০ ছাত্রী আছে। বিদ্যালয়ের তিনটি ভবনে ১১টি কক্ষ আছে। এর মধ্যে একটি ভবনের তিনটি কক্ষ গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না করায় এই ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিজ্ঞানাগার ও গ্রন্থাগারটি তালাবন্ধ থাকলেও শ্রেণিকক্ষটিতে নিয়মিত করানো হচ্ছে পাঠদান। এখানে নবম শ্রেণির ছাত্রীদের ক্লাস হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নবম শ্রেণির মানবিক শাখার ৫০ জন ছাত্রী ওই জরাজীর্ণ কক্ষে ক্লাস করছে। কক্ষটির ছাদের পলেস্তারা খসে পড়েছে। এতে রড বেরিয়ে গেছে। দুর্ঘটনার আশঙ্কায় ছাত্রীরা কেউ বইয়ের দিকে, আবার কেউ ছাদের দিকে তাকিয়ে ক্লাস করছে।
নবম শ্রেণির ছাত্রী আঞ্জুমানারা আফরোজ বলে, ‘প্রতিদিন ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। তাই ক্লাসে ঢুকতে ভয় লাগে।’ একই শ্রেণির ছাত্রী শিরিনা খাতুন বলে, ‘ক্লাসে ঢুকে আগে ছাদের দিকে তাকাই। খুব ভয় লাগে।’
সহকারী শিক্ষক তিলক রায় বলেন, ‘ক্লাসে এসে যেমন শিক্ষার্থীরা ভয়ে থাকেন, তেমনি আমরাও ভয়ে থাকি। কখন যে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলা মুশকিল।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন বলেন, শ্রেণিকক্ষ-সংকটের কারণে বাধ্য হয়ে ওই ঝুঁকিপূর্ণ কক্ষে অতিরিক্ত বিষয়ের পাঠদান করাতে হচ্ছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওবায়দুল হক চৌধুরী বলেন, ‘আমরা ভবনটি সংস্কারের জন্য গত বছর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রংপুর কার্যালয়ে চিঠি পাঠিয়েছিলাম। কিন্তু আজও কোনো সাড়া পাইনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, সম্প্রতি তিনি ওই বিদ্যালয় পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস না নিতে শিক্ষকদের নির্দেশ দিয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।