ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনটিকে সরকারিভাবে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তারপরও বিকল্প না থাকায় সেখানে ক্লাস করছে ২১৮ জন শিক্ষার্থী। যাদের মাথার ওপর প্রায়ই ভেঙে পড়ে ইট-বালি আর সিমেন্টের শক্ত দলা। আহতও হয়েছে বেশ কয়েকজন। এই অবস্থা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলনাবাজার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের।শিক্ষকেরা জানিয়েছেন, এক বছর আগে বিদ্যালয়টি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কিন্তু নতুন ভবন নির্মাণ, এমনকি পুরোনো ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ঝুঁকি নিয়ে সেখানেই তাঁদের পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, গোটা ভবনের প্লাস্টার খুলে খুলে পড়ছে। ঢালাই পিলারগুলো থেকে ঢালাই ধসে পড়েছে। ছাদ ও পিলারগুলোতে ফাটল ধরেছে। মেঝে মাটিতে বসে গেছে। বাথরুম ব্যবহারের অনুপযোগী। বাচ্চাদের পানি খাওয়ার একমাত্র নলকূপও নষ্ট। শিক্ষক রেজাউর রহমান জানান, এর অন্তত চার কিলোমিটারের মধ্যে আর কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। বিদ্যালয়টি সুনামের সঙ্গে পাঠদান দিয়ে এলেও জাতীয়করণ করা হয়নি। শুধু ১৯৯৩ সালে চার কক্ষের একটি ভবন তৈরি করে দেয় শিক্ষা বিভাগ।অভিযোগ রয়েছে, ১৯৯৩ সালে ভবন করার সময় নিম্নমানের মালামাল ব্যবহার করায় অল্প দিনের মধ্যে ভেঙে পড়তে থাকে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সাগর হোসেন জানায়, ভয়ে ভয়ে তারা ক্লাস করে। আতঙ্কে থাকে কখন ভেঙে পড়ে। মাঝে প্লাস্টার ধসে পড়ে আহত হয়েছে কয়েকজন।প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) নুরুন নাহার জানান, গত তিন বছর স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। পাশাপাশি তিন বছরে ১২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। গ্রামের স্কুল হিসেবে এই ফলাফলে তাঁরা খুশি। বর্তমানে ২১৮ জন নিয়মিত শিক্ষার্থী রয়েছে। পরিচালনা কমিটির সদস্য আলিমুজ্জামান জানান, কিছু দিন আগে অত্র এলাকার বাসিন্দা সাবেক যুগ্ম সচিব কাজী নাসিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজমুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর আলী, উপজেলা রিসোর্স কর্মকর্তা জহুরুল ইসলাম বিদ্যালয়টি দেখে জরাজীর্ণ ভবনটিতে ক্লাস না করার পরামর্শ দেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর আলী জানান, তাঁরা ইতিমধ্যে বিদ্যালয়টি পরিত্যক্ত বলে মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছেন। পাশাপাশি নতুন ভবনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। উপজেলা রিসোর্স কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ওই ভবনে ক্লাস চালানো খুবই ঝুঁকিপূর্ণ।