ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে পাবনার সাঁথিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের একটি ভবন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে বর্তমানে সেখানে চলছে ক্লাস ও পরীক্ষা।বিদ্যালয় সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলা সদরে ১৯৪৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রায় এক হাজার ২০০ জন। ১৯৮০ সালে বিদ্যালয়ে একটি দোতলা ভবন নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে এ পর্যন্ত এর কোনো সংস্কার করা হয়নি। বছর দশেক আগে থেকে ভবনের বিভিন্ন কক্ষের ছাদ ও দেয়ালে ফাটল দেখা দেয়। সরেজমিনে দেখা যায়, ভবনটির দ্বিতীয় তলার চারটি কক্ষ ও বারান্দার ছাদ থেকে পলেস্তরা খসে রড বের হয়ে গেছে। এ ছাড়া ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশে ফাটল তৈরি হয়েছে।প্রধান শিক্ষক হাফিজুল কবির বলেন, ‘বিদ্যালয়ে কক্ষ-সংকট থাকায় চরম আতঙ্কের মধ্যে ওই কক্ষগুলোতে পরীক্ষা ও ক্লাস চালিয়ে নিতে হচ্ছে। তবে বৃষ্টি হলে পরিস্থিতি এত বিপজ্জনক হয়ে ওঠে যে, তখন কক্ষগুলোর ভেতর তো দূরের কথা, সেগুলোর আশপাশেও কোনো শিক্ষার্থীকে আমরা ঘেঁষতে দিই না। উপজেলা শিক্ষা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ইয়াকুব আলী বলেন, ‘ভবনটি এমন বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে যে দ্রুত এটির সংস্কার করা দরকার। তহবিল না থাকায় আপাতত আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছি না। বিষয়টি আমাদের পরিকল্পনায় আছে।’