ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ এপ্রিলের ঘটনা। পাবনার বেড়া উপজেলার বেড়া বিবি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর পাঠদান চলাকালে কক্ষের ছাদ থেকে খসে পড়ে পলেস্তারা। এতে আহত হয় মেহেদী হাসান ও রাকিব নামের দুই ছাত্র। সেদিনের পর থেকে আতঙ্কে আছে ওরা।মেহেদী বলে, ‘ক্লাসরুমে আমরা খুব ভয়ে থাকি আর বারবার ছাদের দিকে তাকাই। এ কক্ষে আমাদের ক্লাস করতে ইচ্ছা করে না।’ বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সংস্কার না করায় বিদ্যালয়ের একটি ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাই মেহেদীর মতো কোনো শিক্ষার্থীরই ওই ভবনে ক্লাস করতে ইচ্ছা করে না। কিন্তু প্রয়োজনীয়সংখ্যক শ্রেণীকক্ষ না থাকায় সেখানেই চলছে পাঠদান। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ায় এই ভবনে দুই বছরে শিক্ষকসহ ১০-১২ জন শিক্ষার্থী আহত হয়।বিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, এখানে ৪৯০ জন শিক্ষার্থী লেখাপড়া করে। এখানে সব মিলিয়ে তিনটি ভবন আছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনটি ১৯৬৯ সালে নির্মিত হয়। এতে পাঁচটি শ্রেণীকক্ষ আছে। ১০ বছর আগে এ ভবনের বিভিন্ন কক্ষের ছাদ ও দেয়ালে ফাটল দেখা দিতে শুরু করে। সংস্কারের অভাবে ফাটল বেড়ে যাওয়ায় তিন বছর ধরে এ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান করা হচ্ছে। ভবনটিতে প্রাক-প্রাথমিক, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পাঠদান করা হয়। প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন বলেন, ‘এই ভবনে ক্লাস করতে গিয়ে ছাত্র-শিক্ষক সবাই আতঙ্কে থাকি; মনে হয়, এই বুঝি ছাদটা ধসে পড়ল। বিষয়টি আমি শিক্ষা কার্যালয় থেকে শুরু করে স্থানীয় সাংসদকে লিখিতভাবে জানিয়েছি।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহফুজুর রহমান জানান, বিদ্যালয়ের ভবনটির অবস্থা এতটাই খারাপ যে দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভবনটি পুনর্নিমাণের জন্য গত বছরের নভেম্বর মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালকের (পরিকল্পনা ও উন্নয়ন) কাছে আবেদন পাঠানো হয়েছে।