ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ-পূর্ব কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষা কার্যক্রম চলছে। এতে যেকোনো সময় ভবন ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ছাদের পলেস্তারা খসে পড়ে গত মাসে শিক্ষক আনোয়ার হোসেনসহ কয়েক ছাত্রছাত্রী আহত হয়।

জানা গেছে, বিদ্যালয়টি ১৯৬৫ সালে প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৫ সালে চার কক্ষবিশিষ্ট ভবন নির্মাণ করা হয়। বর্তমানে তিনজন শিক্ষক রয়েছেন এবং প্রায় ২০০ ছাত্রছাত্রী অধ্যয়নরত। শ্রেণীকক্ষ সংকটে বারান্দায় পাঠদান করা হচ্ছে। মালামাল রাখার রুমটি বিদ্যালয়ের অফিসকক্ষ হিসেবে ব্যবহার করা হয়। বর্ষা মৌসুমে ছাদ চুইয়ে কক্ষে পানি পড়ে। স্যাঁতসেঁতে পরিবেশের কারণে অফিসের প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করতে সমস্যা হয়। বৃষ্টি হলে বিদ্যালয়ের সামনের মাঠে পানি জমে থাকে। অতিবৃষ্টিতে শ্রেণীকক্ষের ভেতরেও ঢুকে পড়ে। বিদ্যালয়ের ভেতরের ছাদের বিম-দেয়াল ও টয়লটের বিভিন্ন স্থানে ফাটল রয়েছে। খসে পড়ছে পলেস্তারা। এ ছাড়া দরজা-জানালা ও লোহার গ্রিলগুলোর অধিকাংশই মরিচা ধরে নষ্ট হয়ে গেছে।

প্রধান শিক্ষক ফেরদৌসি আক্তার বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে প্রতিনিয়ত শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষক ও শ্রেণীকক্ষের সংকটসহ সমস্যার শেষ নেই। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে থাকে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের তালিকায় এ বিদ্যালয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে।