ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা
কক্সবাজারের টেকনাফ উপজেলার পৌর এলাকার ঝুঁকিপূর্ণ বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে কয়েক বছর ধরে শিক্ষা কার্যক্রম চলছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৮৯৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এরপর ১৯৮৫ সালে চার কক্ষবিশিষ্ট একটি টিনশেড ভবন নির্মাণ করা হয়েছিল। তখন থেকে এই ভবনে পাঠদান করা হচ্ছে। ২০০৮ সালে ছয় কক্ষবিশিষ্ট আরও একটি ভবন নির্মাণ করা হয়। বর্তমানে ১০টি শ্রেণীকক্ষে সাত শতাধিক শিক্ষার্থীকে আটজন শিক্ষক-শিক্ষিকা পাঠদান করে আসছেন।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের অফিস কক্ষ ও শ্রেণীকক্ষে সামান্য বৃষ্টিতে দেয়াল চুইয়ে পানি পড়ে। এ কারণে অফিসের প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের আসবাব নষ্ট হচ্ছে। অতিবৃষ্টিতে বিদ্যালয়ের সামনের মাঠে পানি জমে শ্রেণীকক্ষের ভেতরেও ঢুকে পড়ে। বৃষ্টির পানিতে তখন পা ভিজিয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে হয়। বিদ্যালয়ের ২৮ বছরের পুরোনো সেমিপাকা ভবনটির চারপাশের বিভিন্ন দেয়ালে একাধিক স্থানে ফাটল রয়েছে। খসে পড়ছে পলেস্তারা। এ ছাড়া দরজা-জানালা ও লোহার গ্রিলগুলোর অধিকাংশই মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। যেকোনো মুহূর্তে দেয়াল ধসে পড়তে পারে।
প্রধান শিক্ষক আনোয়ার কালাম বলেন, বিদ্যালয়ে শিক্ষক ও শ্রেণীকক্ষের সংকট থাকায় ঝুঁকিপূর্ণ ভবনে প্রতিনিয়ত শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে থাকে। ঝুঁকিপূর্ণ ভবনের কথা উল্লেখ করে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর বলেন, কিছুদিন আগে বিদ্যালয় মেরামত করার জন্য দেড় লাখ টাকার একটি বাজেট দেওয়া হয়েছিল। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার কথা শুনে সেটি বাতিল করে একটি নতুন ভবন নির্মাণের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হচ্ছে।