ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস সরকারি কর্মচারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপসহ অন্যান্য পোকামাকড় ভবনের ভেতরে ঢোকে। দেয়ালে ফাটল ধরে গাছগাছালির জন্মেছে। ভেতরে পড়ে বৃষ্টির পানি। রংপুরে এমন বিধ্বস্ত ভবনে ঝুঁকি নিয়ে বসবাস করে সরকারি কর্মচারীরা। বছরের পর বছর সংস্কার না হওয়ায় ভবনগুলোর এই দশা।গণপূর্ত বিভাগ সূত্র জানায়, রংপুর শহরের ধাপে গণপূর্ত বিভাগের ১১টি তিনতলা ভবন নির্মিত হয় স্বাধীনতার আগে। এতে শতাধিক পরিবার বসবাস করে। এ ছাড়া ডাকঘরের আওতাধীন শহরের ধাপে চারতলা, তিনতলা ও দোতলা ভবন রয়েছে চারটি। এখানে বসবাস করে ১৮টি পরিবার।সরেজমিনে দেখা গেছে, ধাপে অবস্থিত পোস্টাল স্টাফ কোয়ার্টারের সব কটি ভবনই বিধ্বস্ত। ভবনের একাধিক স্থানে ফাটল, ফাটলগুলোতে জন্মেছে বটগাছ। ঘরের ভেতরের ছাদের পলেস্তারা খসে পড়ে অনেকেই আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে বসবাসকারীরা জানালেন। পোস্টম্যান সাইফুল ইসলাম বলেন, ভবনের নাজুক অবস্থা। বাধ্য হয়ে থাকতে হচ্ছে। ডাক পিয়ন রফিকুল ইসলাম বলেন, কয়েক বছর ধরে তারা এখানে বসবাস করছেন, এখন যে অবস্থা তাতে এখানে থাকা আর নিরাপদ নয়। একই এলাকায় গণপূর্ত বিভাগের ভবনগুলোরও বিধ্বস্ত দশা। ভবনের অভ্যন্তরীণ সড়কগুলোর কার্পেটিং উঠে গেছে, চারদিকে নোংরা, জঙ্গলে ভরা। অনেক ভবনের দরজা-জানালা নেই। দেয়ালগুলোতে এমনভাবে শেওলা জমেছে যে এগুলো আর ভবন মনে হয় না। প্রধান সড়ক থেকে ভবনগুলো অনেক নিচু জায়গায় হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়।দুই নম্বর ভবনের বাসিন্দা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত আসাদুজ্জামান বলেন, বাথরুমসহ সবগুলো ঘরের ভাঙা দরজা-জানালা তিনি নিজ খরচে সংস্কার করেছেন। রংপুর গণপূর্ত কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবু জাফর সিদ্দিক বলেন, তেমন কোনো অর্থ বরাদ্দ না থাকায় এসব ভবনের সংস্কার করা সম্ভব হয়ে ওঠে না।