ঝুঁকিপূর্ণ ভবনে শিশুদের ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়টির সামনে দিয়ে বয়ে গেছে বড়াল নদ। সেই নদে ধসে পড়ার উপক্রম হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির একাংশ। অন্য কক্ষগুলোর দেয়ালেও ফাটল। টিনের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ে মেঝে স্যাঁতসেঁতে হয়ে থাকে সব সময়। বলা হচ্ছে পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গুলী ইউনিয়নের দিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা। এরই মধ্যে ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিশু শিক্ষার্থীরা।

শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর কিছুদিন পরই বর্তমান ভবনটি তৈরি হয়েছিল। এখন শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২২০ জন শিক্ষার্থী রয়েছে। তিনটি শ্রেণিকক্ষে দুই দফায় তাদের পাঠদান করা হয়। প্রথম ভাগে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং দ্বিতীয় ভাগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস করে।

গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, গ্রামের এক কোণে বড়াল নদের পাড় ঘেঁষে বিদ্যালয়টির অবস্থান। নদের পাড় ভাঙতে ভাঙতে এখন বিদ্যালয়ের আঙিনায় এসে ঠেকেছে। বিদ্যালয়ের তিনটি কক্ষের মধ্যে একটি ভেঙে অনেকটা নদে ধসে পড়েছে। অন্যগুলোর দেয়ালেও ফাটল। এরই মধ্যে বসে উচ্চ স্বরে পড়া মুখস্থ করছে শিক্ষার্থীরা।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নয়ন মণি বলেন, বিদ্যালয়টির শুরুর দিকে নদ বেশ দূরে ছিল। ভাঙতে ভাঙতে এখন কাছে চলে এসেছে। ফলে বিদ্যালয় ভবনটি এখন ভাঙনের মুখে। একটি কক্ষ ধসে পড়ায় পুরো ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের এই ভবনেই পাঠদান করানো হচ্ছে।

চতুর্থ শ্রেণির ছাত্র আবদুল্লাহ আল মামুন বলে, তাদের গ্রাম থেকে অন্য বিদ্যালয়গুলোর দূরত্ব অনেক বেশি। ফলে বাধ্য হয়ে এই বিদ্যালয়ে আসতে হয়। তবে বিদ্যালয়ে ঢুকলেই এখন ভয় লাগে বলে জানায় মামুন।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা খাতুন বলে, ‘অন্য স্কুলে কত সুন্দর বিল্ডিং আছে। আর আমাগের স্কুল ভাঙাচুরা। বৃষ্টিতি পানি পড়ে। ভিতরে শেওলা ধরে গেছে। এহন দেওয়ালও ফাটছে। কখন যেনি ভাঙে পড়ে।’

ঝুঁকির বিষয়টি স্বীকার করে ফরিদপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, অর্থাভাবে বিদ্যালয়টি মেরামত করা সম্ভব হয়নি। অন্যদিকে এখন নদীভাঙনের কবলে পড়েছে। বিদ্যালয়টি রক্ষায় বিকল্প জায়গা প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদকে অবহিত করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হুমায়ুন কবির বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরে স্কুলটির জন্য বিকল্প জায়গা খুঁজছি। ঝুঁকির বিষয়টিও মাথায় রাখা হয়েছে। শিগগিরই বিকল্প জায়গা খুঁজে বিদ্যালয়টি স্থানান্তর করা হবে।’