স্যাঁতসেঁতে মেঝে। ইট-সিমেন্টে গড়া দেয়াল ভেঙে পড়ছে। ভেঙে পড়া টিনের চাল বাঁশের ঠেস দিয়ে আটকে রাখা হয়েছে। এমনই ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছে পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি নামলেই ছাদ চুইয়ে পানি পড়ে। বইখাতা ভিজে যায়। টিনের ঘরটির দেয়াল ভেঙে পড়ায় এখন শ্রেণীকক্ষে রোদ লাগে। বাঁশ দিয়ে শ্রেণীকক্ষের টিনের চাল ঠেস দিয়ে রাখায় ভয়ে ভয়ে ক্লাস করতে হয়। সরেজমিনে দেখা গেছে, পাশাপাশি তিনটি ভবন নিয়ে বিদ্যালয়ের অবকাঠামো তৈরি করা হয়েছে। খেলার মাঠ নেই। একপাশে একটি টিনশেড আধাপাকা ভবন। ভবনটির মেঝে স্যাঁতসেঁতে। পেছন দিকের দেয়াল ভেঙে পড়েছে। টিনের চালও ভাঙা। বাঁশ দিয়ে চাল আটকে রাখা হয়েছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস চলছে। এর পাশের পাকা ভবনটিরও মেঝে ভেঙে গর্ত তৈরি হয়ে আছে। এটিও স্যাঁতসেঁতে। এ ভবনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাস চলছে। অপর ভবনটি কিছুটা ভালো। দুই কক্ষের এ ভবনে শিক্ষকদের বসার ব্যবস্থা আছে এবং পঞ্চম শ্রেণীর ক্লাস নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা জানান, ১৯৪৭ সালে প্রতিষ্ঠার সময় একটি আধাপাকা ভবন নির্মাণ করা হয়। ১৯৭৮ সালে পুরোনো ভবনটি ভেঙে সেখানে তিন কক্ষের টিনের আরেকটি আধাপাকা ভবন তৈরি করা হয়। এরপর শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২০০১ সালে দুই কক্ষের একটি এবং ২০০৭ সালে দুই কক্ষের আরেকটি পাকা ভবন তৈরি করা হয়। কিন্তু নির্মাণকাজ নিম্নমানের হওয়ায় আধাপাকা ভবনটির পেছন দিকের দেয়াল ভেঙে পড়েছে। অন্যদিকে পাকা ভবন দুটির একটির মেঝে ধসে যায় এবং বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। এই দুটি ভবনই পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৬৫৯। এর মধ্যে শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী ৩৩৭ জন। ব্যবহারের অনুপযোগীসহ বিদ্যালয়ে মোট শ্রেণীকক্ষ রয়েছে সাতটি। ফলে সকাল ও দুপুর দুই পালায় বিদ্যালয় চালাতে হচ্ছে। বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মহিউল ইসলাম বলেন, ‘আমরা সব সময় আতঙ্কে থাকি, কখন দুর্ঘটনা ঘটে! বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে। কর্মকর্তারা কয়েকবার সরেজমিনে দেখেও গেছেন। কিন্তু নতুন ভবন তৈরি বা পুরোনো ভবনগুলো মেরামতের কোনো পদক্ষেপ নেননি।’ ফরিদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘এটি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়। আমি বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। আমরা পুরোনো ভবন মেরামত ও নতুন ভবন তৈরির বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’