ঝুঁকিপূর্ণ ভবনে ২০টি বিদ্যালয়ের পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় প্রাথমিক শিক্ষা কার্যালয় উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিদ্যালয় পাঁচটি।উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ হাওলাদার জানান, ঝুঁকিপূর্ণ ২০টি বিদ্যালয়ের ভবনগুলোয় প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে আতঙ্কের মধ্যে ক্লাস করছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাভারের রানা প্লাজা ধসের পর উপজেলায় ঝুঁকিপূর্ণ হিসেবে যে ২০টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন চিহ্নিত করা হয়েছে, এর মধ্যে ছয়টি সরকারি ও ১৪টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো হলো, উত্তর-পূর্ব কাঁঠালতলী এইচ আলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চরদুয়ানি কালিয়ার খাল রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জালিয়াঘাটা তমেজিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, মধ্য রূপধন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব নাচনাপাড়া এন ইসলাম মণি সরকারি প্রাথমিক বিদ্যালয়।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, উত্তর-পূর্ব কাঁঠালতলী এইচ আলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভবনের বিম ও দেয়ালে বড় বড় ফাটল। পলেস্তারা খসে পড়ছে। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে উপজেলা শিক্ষা কার্যালয়। ১২-১৩ বছর আগের তৈরি মধ্য রূপধন প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের পিলার, দেয়াল ও ছাদে বড় বড় ফাটল দেখা দিয়েছে। বিকল্প না থাকায় বাধ্য হয়ে ওই ভবনেই কার্যক্রম চালানো হচ্ছে।জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বলেন, ‘ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি। ওই সব বিদ্যালয় ভবনে ক্লাস বন্ধ রেখে বিকল্প ব্যবস্থায় ক্লাস চালিয়ে নিতে বলা হয়েছে। এর পরও যদি শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়, তবে সংশ্লিষ্ট শিক্ষকসহ উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এর দায় নিতে হবে।’