ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয়ের ভবনে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বিদ্যালয়ের ভবনে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চুয়ান্ন বছরের পুরোনো মতিহারা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। সেই সঙ্গে রয়েছে কক্ষসংকট। এ অবস্থায় বিদ্যালয়টিতে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৩ সালে এক একর জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এখানে রয়েছে তিন কক্ষবিশিষ্ট অফিস ভবন, দুই কক্ষের একটি বিজ্ঞান ভবন এবং সাত কক্ষবিশিষ্ট টিনশেডের একাডেমিক ভবন। এখানে মোট শিক্ষার্থী ৪০০।
সরেজমিনে ২৫ মে দেখা যায়, বিদ্যালয়ের তিনটি ভবনের দেয়ালজুড়ে বড় বড় ফাটল। টিনশেডের একাডেমিক ভবনের শ্রেণিকক্ষগুলো খুবই ছোট। সেখানে বেঞ্চ সংকুলান না হওয়ায় প্রতিটিতে চার থেকে পাঁচজন করে শিক্ষার্থী গাদাগাদি করে বসে আছে।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী শফিকুল ইসলাম বলে, ‘পড়ার সময় এক ক্লাসের কথা আরেক ক্লাসোত শোনা যায়। স্যারের পড়া কিছুই বোঝা যায় না।’
দশম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার বলে, ‘এমনিতে ক্লাসরুম ছোট। তার ওপর টিনের চাল। রোদোত গাদাগাদি করে ক্লাসে আমরা বসতে পারি না। ঠিকমতো ক্লাস করতে পারি না।’
সহকারী শিক্ষক মো. হামিদুল্লাহ্ বলেন, টিনশেডের ছোট ছোট শ্রেণিকক্ষ। পর্যাপ্ত বেঞ্চ না থাকায় ছেলেমেয়েরা গাদাগাদি করে বসতে হয়। গরমের সময় পাঠদান করা দুরূহ হয়ে পড়ে।
সহকারী শিক্ষক আফজাল হোসেন জানান, বিদ্যালয়ের সবগুলো ভবনেই বড় বড় ফাটল। চরম ঝুঁকি নিয়ে পাঠদান করতে হচ্ছে। বিশেষ করে মহাসড়কের পাশে হওয়ায় বিদ্যালয়ের পাশ দিয়ে যতবার বড় কোনো যানবাহন যাতায়াত করে ততবার ভবনগুলো কেঁপে ওঠে। এ অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীরা অত্যন্ত ভয়ে থাকে।
প্রধান শিক্ষক আতিকুর রহমান বিভিন্ন সমস্যায় পাঠদান ব্যাহত হওয়ার কথা স্বীকার করে জানান, বিদ্যালয়ের একটি ভবনের জন্য তিনি ২০০২ সাল থেকে এ পর্যন্ত দুবার আবেদন করেছেন। কিন্তু ভবন পাননি। বিদ্যালয়টি গ্রামাঞ্চলে। শিক্ষার্থীরাও বেশির ভাগ গরিব। বেতন খুব একটা পাওয়া যায় না। তাই নিজস্ব তহবিল থেকে ভবন নির্মাণ করাও সম্ভব হচ্ছে না।
নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক জানান, মতিহারা উচ্চবিদ্যালয়ে সুষ্ঠু পাঠদানের জন্য জরুরিভাবে একটি ভবন প্রয়োজন।