ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহ আগের ঘটনা। পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ক্লাস চলাকালে ভেঙে পড়ে শ্রেণীকক্ষের সিলিং। শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে দৌড়ে বাইরে বের হয়। তবে সিলিং ভেঙে পড়া স্থানে কোনো শিক্ষার্থী না বসায় বড় ধরনের অঘটন ঘটেনি। সেদিন ওই শ্রেণীকক্ষের শিক্ষক ছিলেন আশরাফুল আলম। তিনি বলেন, ‘খোদার কৃপায় সেদিন আমরা বেঁচে গেছি। কক্ষসংকট থাকায় বাধ্য হয়ে এখনো ওই কক্ষেই ক্লাস নিতে হয়। কিন্তু শিক্ষার্থীদের মন থেকে সেদিনের ভয় এখনো কাটেনি।’ প্রধান শিক্ষক শাহিদা উম্মুল আরা জানান, বিদ্যালয়ের নয়টি শ্রেণীকক্ষের সাতটিই ঝুঁকিপূর্ণ।হাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো এমন ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে বেড়া উপজেলার অন্তত ৬১টি শিক্ষাপ্রতিষ্ঠান। ঝুঁকি নিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন শ্রেণীপাঠ নিচ্ছে। এগুলোর বেশ কয়েকটির ছাদ থেকে পলেস্তারা খসে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, গত পাঁচ-ছয় বছর এ অবস্থা বিরাজ করলেও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এ ব্যাপারে পদক্ষেপ নেননি।বেড়া পৌর এলাকার হাতিগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনটি তিন বছর আগে ঝড়ে বিধ্বস্ত হলেও সেটি আর মেরামত করা হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া নার্গিস বলেন, ‘বিভিন্ন স্থানে ধরনা দিয়েও ঝড়ে বিধ্বস্ত ভবনটি মেরামত করাতে পারিনি। বাধ্য হয়ে ছাদবিহীন বিধ্বস্ত ভবনের মেঝেতে বসিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিতে হয়।’ বেড়া কলেজের অধ্যক্ষ মো. জাফরউল্লাহ জানান, ১৯৭৫ সালে নির্মিত কলেজের দ্বিতল ভবনটির কোনো কক্ষই এখন ব্যবহার উপযোগী নয়। ক্লাস চলাকালে বেশ কয়েকজন শিক্ষার্থী ছাদ থেকে পলেস্তারা খসে পড়ায় আহত হয়েছে। বেড়া বিবি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াসউদ্দিন বলেন, দ্বিতল মূল ভবনটির দেয়াল ছাদ ফেটে গিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল বলেন, উপজেলার ১০৭টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫১টিরই সংস্কারের প্রয়োজন। এসব বিদ্যালয়ের তালিকা সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। এ বছরে ১০টি বিদ্যালয়ের সংস্কারের অনুমোদনের কথা তাদের জানানো হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহাদত্ হোসেন বলেন, অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে অন্তত ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুল হক বলেন, ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনগুলোর তালিকা তৈরি করে কিছু ভবনের সংস্কার ইতিমধ্যেই শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যগুলোরও করা হবে।