ঝুঁকিপূর্ণ ভবনেও চলে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। প্রতিবছর জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলে এই বিদ্যালয়টির অবস্থান থাকে জেলার শীর্ষে। কিন্তু এখানকার ছাত্রীদের ক্লাস করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে, জরাজীর্ণ ভবনে।
বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্রী সানজানা সাফওয়াত জানায়, বৃষ্টির সময় ভবনের ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ে। ভবনের পিলারে ফাটল ধরেছে। খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। ঝুঁকি নিয়েই ক্লাস করতে হয়। আরেক ছাত্রী অর্পিতা চৌধুরী জানায়, ক্লাসের ফাঁকে মাঝেমধ্যে ছাদের দিকে তাকাতে হয় এই বুঝি পলেস্তারা খসে পড়ল!
বিদ্যালয়ের মোট চারটি ভবন রয়েছে। এর মধ্যে পুরোনো ভবন দুটি। দোতলা এই দুটি ভবন ১৯৬০ সালে নির্মাণ করা হয়। এই দুটি ভবন এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে একাডেমিক ভবনের নিচতলায় প্রধান শিক্ষকের কার্যালয়, শিক্ষক মিলনায়তন, অফিস ও ৪০০ জন ধারণক্ষমতার একটি মিলনায়তন রয়েছে। ভবনের ওপরের তলায় সাতটি শ্রেণিকক্ষ ও দুটি কম্পিউটার ল্যাব রয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে দোতলার সব কক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে। এই ভবনের অন্তত ১২টি পিলারে বড় ফাটল দেখা দিয়েছে।
পাশের পুরোনো বিজ্ঞান ভবনের নিচতলায় পৃথক তিনটি কক্ষে পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান ল্যাব রয়েছে। নিচতলায় আরও রয়েছে পাঠাগার, নামাজঘর ও বাউবি (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) কার্যালয়। ভবনের ওপর তলার তিনটি শ্রেণিকক্ষে সপ্তম থেকে দশম শ্রেণির ছাত্রীদের ক্লাস হয়। এই ভবনেও ফাটল দেখা দিয়েছে। খসে পড়ছে পলেস্তারা।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ইউছুফ বলেন, ‘পুরোনো একটি দ্বিতল ভবনের দোতলার সব কক্ষ পরিত্যক্ত ঘোষণা করে মেয়েদের পাঠদান বন্ধ রাখা হয়েছে। কিন্তু স্থানাভাবে নিচতলার শিক্ষকদের অফিস, মিলনায়তনসহ অন্য স্থাপনা সরানো যাচ্ছে না। মেধাবী ছাত্রীদের ঝুঁকিপূর্ণ ভবনে পড়তে হচ্ছে। এতে আমরাও উদ্বিগ্ন। শিক্ষকেরাও ঝুঁকি নিয়ে পাঠদান কার্যক্রম চালাচ্ছেন।’ তিনি বলেন, ১৯৬০ সালে নির্মিত এই দুটি ভবনের ছাদ, দেয়াল ও পিলারে ফাটল ধরার বিষয়টি কয়েক বছর ধরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়ে আসছেন তিনি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও আসবাবপত্র সংকট প্রকট। ছাত্রীর সংখ্যা ১ হাজার ২৪৭ জন।
বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. নাছির উদ্দিন, ফরিদ আহমদ ও সোহেল ইকবাল জানান, সম্প্রতি ভূমিকম্প ও ভারী বর্ষণে পুরোনো দুটি ভবনের বিভিন্ন অংশে ফাটল আরও বেড়েছে।
জানতে চাইলে কক্সবাজারের জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, ২ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কক্সবাজার সফরে আসছেন। এ সময় তাঁকে বিদ্যালয়টির পরিস্থিতি তুলে ধরা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।