‘মানবতার জন্য একমাত্র নীতি হলো ন্যায়বিচারের নীতি। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী তথা নারী ও শিশু, সংখ্যালঘু এবং প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষাই একটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার মানদণ্ড। সমাজে আইনের শাসন, শান্তি ও অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে বিচার বিভাগকে জোরালোভাবে এই নীতি অনুসরণ করতে হবে।’ প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন কিশোরগঞ্জ জেলা ও দায়রা আদালতের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বিচার বিভাগ শক্তিশালীকরণ প্রকল্পের (জাস্ট) আওতায় ‘পাইলট জেলা ইনসেপসন’ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ। বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ পরচালক স্টেফান প্রিসনা। জাস্ট প্রকল্পের কার্যক্রম প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ইউএনডিপির কারিগরি ও আর্থিক সহযোগিতায় সুপ্রিম কোর্টে উন্নত মামলা ব্যবস্থাপনা চালু করা এবং পাইলট জেলায় বিচারিক সেবাপ্রার্থীদের কাছে উন্নত বিচারিক সেবা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট এ প্রকল্প শুরু করেছেন। কিশোরগঞ্জ এ প্রকল্পের তিনটি পাইলট জেলার একটি। জাস্ট প্রকল্প স্থানীয় বিচারসংশ্লিষ্ট ব্যক্তিদের যৌথ উদ্যোগকে সহায়তা করবে। কর্মশালা শুরুর আগে নারী বিচারপ্রার্থীদের বিচার পাওয়ার সুযোগ বাড়ানোর জন্য জাস্ট প্রকল্পের মাধ্যমে নির্মিত নারী বিশ্রামাগার উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এ সময় উপস্থিত ছিলেন জেলা জজ এস এম কুদ্দুসজামান, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক প্রমুখ।