ঝুঁকিপূর্ণ যানে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত, দুর্ঘটনার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিপজ্জনক তিন চাকার যান ভটভটি ও চার্জার রিকশা-ভ্যানে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করছেন প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষার পরীক্ষার্থী ও অভিভাবকেরা। এর ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা ২০ নভেম্বর শুরু হয়েছে। উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১০১টি বিদ্যালয়ের ২ হাজার ৫৭৬ জন পিইসি এবং ৩২টি মাদ্রাসার ৬০৩ জন পরীক্ষার্থী ইবতেদায়ি পরীক্ষায় অংশ নিচ্ছে। এ জন্য উপজেলায় ৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় প্রাথমিক ও ইবতেদায়ির জন্য নয়টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে গ্রামাঞ্চল থেকে পরীক্ষার্থী আর অভিভাবকেরা ভটভটি ও অটো চার্জার ভ্যানে যাতায়াত করছেন।
হাটসাজাপুর গ্রামের অভিভাবক শাহাদত হোসেন বলেন, গ্রামাঞ্চল থেকে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত একটা বড় সমস্যা। আগে গ্রাম থেকে পা-চালিত রিকশা-ভ্যান ছিল। এখন চার্জার রিকশা-ভ্যান হওয়ায় পা-চালিত রিকশা-ভ্যান আর তেমন চলে না। নিজেদের মোটরসাইকেলও নেই। তাই বাধ্য হয়ে ভটভটিতেই যেতে হচ্ছে। একই কথা বলেন উপজেলার ভাটাহার গ্রামের অভিভাবক বেদেনা বেগম। ইবতেদায়ি পরীক্ষার্থী ভাটাহার গ্রামের রিফাত হাসান বলে, ‘আম্মার সঙ্গে পরীক্ষার হলে যাওয়ার জন্য বের হইয়া কোনো রিকশা-ভ্যান না পাইয়া ভটভটিত চড়িছি।’
হাটসাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, ‘শিক্ষার্থীদের জীবনের এটি প্রথম পরীক্ষা। আমরা বিদ্যালয়ে সব শিক্ষার্থী ও অভিভাবককে নিয়ে কয়েকবার আলোচনা করেছি। পরীক্ষাকেন্দ্রে কীভাবে যাবেন, কেন্দ্রে কতক্ষণ আগে পৌঁছতে হবে। পরীক্ষার্থীরা খাতায় কীভাবে নিজের নাম ও রোল নম্বর লিখবে। বিদ্যালয় থেকে পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করা যায় না। কারণ পরীক্ষার সময় বিদ্যালয়ের ক্লাস চালু রাখতে হয়। এ জন্য অভিভাবকদের দায়িত্ব নিয়েই কেন্দ্রে যাবার কথা বলা হয়েছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম জি এম সারোয়ার হোসেন বলেন, ইউনিয়নে যে বিদ্যালয়ের যোগাযোগ-ব্যবস্থা ভালো সেখানেই কেন্দ্র করা হয়েছে। সময়মতো পরীক্ষার্থীদের কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বলা হয়েছে। পরীক্ষার্থীরা যেন বিপজ্জনক যানবাহনে না আসে, সেদিকে অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ে আলোচনা করতেও বলা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল বলেন, তিন চাকার যানবাহন ভটভটির চালকেরা প্রশিক্ষিত নন। এ যানবাহনে কোনো লুকিং গ্লাসও নেই। তারপরও প্রয়োজনের তাগিদে লোকজন ভটভটিতে চলাচল করে। তবে যাত্রীদের সচেতনতা বাড়াতে পারলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।