ঝুঁকিপূর্ণ রাঙামাটির ঝুলন্ত সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় থাকা রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেতুর দুই দিকে কাপড়ের ব্যানার টাঙিয়ে লেখা হয়েছে সতর্কতা বিজ্ঞপ্তি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সেতুর একটি মোটা শিকল ছিঁড়ে যায়। তবে ওই স্থানে আবার একটি শিকল লাগানো হয়। এরপর সেতুতে একসঙ্গে পাঁচজন বা তার বেশি লোককে দাঁড়িয়ে না থাকতে সতর্কতা বিজ্ঞপ্তি দেওয়া হয়।
চট্টগ্রাম থেকে আসা নাদিম, সোহেলসহ কয়েকজন তরুণ পর্যটককে ঝুঁকির বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে তাঁরা বলেন, ‘সেতুতে দাঁড়িয়ে থাকতে না দিলে কেন টিকিট কেটে ঢুকতে দেওয়া হচ্ছে। সেতুতে ছবি তুলব; একটু দাঁড়িয়ে থাকব বলে টিকিট কেটেছি।’
পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক মো. আখলাকুর রহমান সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থার কথা নিশ্চিত করে বলেন, ‘সেতু সংস্কারের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে সতর্কতা বিজ্ঞপ্তি দেওয়াসহ মাইকে বারবার সেতুতে না দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।’ আগামী ঈদের আগে সেতুটির সংস্কারকাজ শেষ করা হবে বলে ব্যবস্থাপক জানান।