ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারপাশে গাড়ি আর গাড়ি। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, বাস ও মিনিবাস চলছে সমানে। এগুলোর মধ্য দিয়ে ফাঁকফোকর গলিয়ে রাস্তা পারাপারের আপ্রাণ চেষ্টা চলে। যে যেভাবে পারছেন, রাস্তা পার হতে পারলেই যেন হাঁফ ছেড়ে বাঁচেন।
চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ছোট ছোট ছেলেমেয়েকে নিয়ে বাবা-মায়েদের ছুটে চলার দৃশ্য চোখে পড়ে। এ এলাকায় আধা কিলোমিটার এলাকার মধ্যে গড়ে উঠেছে প্রায় ৮-১০টি বিদ্যালয়। বেশির ভাগই কিন্ডারগার্টেন স্কুল। রয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট, আইডিয়াল স্কুল, সেন্ট মেরিস স্কুল, সেন্ট যোসেফ স্কুল, উদয়ন ছোটদের স্কুল প্রভৃতি। এসব বিদ্যালয় ছুটির পরে ছোটাছুটি শুরু হয়ে যায় ছেলেমেয়েদের। বাবা-মায়েরাও তড়িঘড়ি করে বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়েন। অথচ এভাবে চলায় রয়েছে পায়ে পায়ে ঝুঁকি।
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান বলেন, ‘স্কুল ছুটির সময়ে গাড়িগুলোর গতিরোধ অথবা গতি পরিবর্তনের ব্যবস্থা করা হলে ভালো হয়। তাহলে ছেলেমেয়েরা নির্দিষ্ট দূরত্ব নিরাপদে হেঁটে পার হয়ে যানবাহনে উঠতে পারে। এতে আর রাস্তা পারাপারে তেমন ঝুঁকি থাকবে না আশা করি।’
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা আপাতত জামালখান এলাকায় স্কুলকেন্দ্রিক যানজট নিরসনে অতিরিক্ত লোকবল নিয়োগ দিয়ে সমস্যার সমাধান করছি। ঝুঁকি মোকাবিলায় নির্দিষ্ট সময়ে সড়ক বন্ধ রাখা অথবা ডাইভারশনের বিষয়টি ভাবিনি। বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
সড়ক চলাচলে ঝুঁকি নিরসনে করপোরেশনের পক্ষ থেকে জামালখান স্কুল এলাকায় কোনো ফুটভারব্রিজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ বলেন, ‘এ ধরনের কোনো পূর্বপরিকল্পনা আছে কি না আমার জানা নেই। এ ব্যাপারে এলাকার ওয়ার্ড কাউন্সিলর সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে প্রস্তাব দিলে সেভাবে পদক্ষেপ নেওয়া যাবে।’
জামালখান ওয়ার্ডের কাউন্সিলর বিজয় কিষান চৌধুরী বলেন, ‘আমি জামালখান এলাকায় ফুটওভারব্রিজ গড়ে তোলার বিষয়ে মেয়র মহোদয়ের সঙ্গে কথা বলেছি। আশা করি, এর এতটা সুফল পাব।’