ঝুঁকিপূর্ণ লাইন সরাতে ‘আপত্তিকর’ মুচলেকা দাবি পল্লী বিদ্যুতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর গ্রামে ব্যক্তিমালিকানাধীন ছয়টি শিল্প কারখানার ওপর দিয়ে টানা ১১ কেভির ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের কারণে দুর্ঘটনার আতঙ্কে আছেন সেখানকার প্রায় দেড় হাজার শ্রমিক। কারখানাগুলোর কর্তৃপক্ষ লাইন সরাতে পল্লী বিদ্যুতের কাছে কয়েক দফা আবেদন জানালেও তারা টালবাহানা করছে বলে অভিযোগ রয়েছে। এমনকি লাইন সরাতে পল্লী বিদ্যুৎ কারখানা কর্তৃপক্ষের কাছে ‘আপত্তিকর’ মুচলেকা দাবি করেছে।রাজারামপুর গ্রামে ‘মির্জা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’ শিল্প এলাকায় মির্জা গ্রুপের ছয়টি শিল্প কারখানা। কারখানাগুলো প্রতিষ্ঠার পর কয়েক বছর আগে পল্লী বিদ্যুৎ সমিতি-২ কারখানাগুলোর ওপর দিয়ে ১১ কেভি বিদ্যুৎ লাইন টেনে আশপাশের এলাকার গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দেয়। সরেজমিন গিয়ে দেখা গেছে, কারখানাগুলোর ওপর দিয়ে টানা বিদ্যুতের তারের ওপর কোনো আবরণ নেই। দুটি কারখানার চালের প্রায় চার ফুট ওপর দিয়ে তারগুলো টানা। পূর্ব প্রান্তের কাঠের খুঁটিটি হেলে পড়েছে। পাশেই ব্যারাকে কারখানার শতাধিক শ্রমিক পরিবারের বাস। শ্রমিকেরা অভিযোগ করেন, ঝুঁকিপূর্ণ তারগুলো থেকে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে তাঁরা আতঙ্কে আছেন। কারখানা এলাকার ভেতর থেকে পল্লী বিদ্যুতের লাইন সরিয়ে নেওয়ার দাবিতে ২৬ মে কয়েক শ শ্রমিক দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করেন। মির্জা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মির্জা নূর আলম জানান, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সরিয়ে নিতে পল্লী বিদ্যুৎ সমিতির কাছে পাঁচ বছরে তিন দফা লিখিত আবেদন করা হয়েছে। লাইন সরিয়ে নেওয়ার খরচ বাবদ দুই লাখ ১৩ হাজার টাকাও জমা দেওয়া হয়েছে। এরপর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আরও ৬৪ হাজার ৪৯০ টাকা পরিশোধের জন্য চিঠি দিয়েছে এবং লাইন সরাতে টালবাহানা করছে। মির্জা নূর আলম আরও জানান, তিনি পল্লী বিদ্যুতের গ্রাহক নন। কারাখানাগুলোর ওপর দিয়ে বিদ্যুৎ লাইন টানার সময় আপত্তি জানালে ‘কোনো রকম সমস্যা হলে আবেদন করা মাত্র বিদ্যুৎ লাইন সরিয়ে নেওয়া হবে’ মর্মে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিলেও বর্তমানে কোনো কথাই শুনছে না। লাইন সরিয়ে নিতে বর্তমানে তারা ১৫০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দাবি করছে। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক নরেন্দ্রনাথ সরকার বলেন, নিয়ম অনুযায়ী মুচলেকা চাওয়া হয়েছে। লাইন সরাতে যা করা হয়েছে, পল্লী বিদ্যুতের নিয়মের ভিত্তিতেই করা হয়েছে।